হায়দরাবাদ: কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে। সুনীল নারাইনের (Sunil Narine) ক্ষেত্রে এই প্রবাদটি একেবারে সঠিক। আইপিএলে (IPL 2026) দেড় দশক কাটানোর পরেও যে এখনও তাঁর রহস্যভেদ করা সম্ভব হয়নি, সেটা গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অনবদ্য সুপার ওভারেই প্রমাণ করেছিলেন নারাইন। আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে (SRH vs KKR) তো সর্বকালীন ইতিহাসই গড়ে ফেললেন তিনি।
সানরাইজার্সের ব্যাটিং ইনিংসের ১৬তম ওভার তথা নিজের স্পেলের শেষ ওভারে জোড়া উইকেট পান নারিন। এর মধ্যে তিনি সলিল আরোরাকে প্রথমে সাজঘরে ফেরান। আর এই উইকেটের সুবাদেই ইতিহাস গড়েন ত্রিনিদাদিয়ান মহাতারকা। আইপিএল ইতিহাসের কেবলমাত্র তৃতীয়. তবে বিদেশি হিসাবে সর্বপ্রথম বোলার হিসাবে মেগা টুর্নামেন্টে ২০০টি উইকেট নিয়ে ফেললেন নারাইন। সলিল আরোরাই তাঁর দু’শোতম আইপিএল উইকেট।