হায়দরাবাদ: এক দল নাগাড়ে পাঁচ ম্যাচ জিতে মাঠে নেমেছিল, আরেক দল জিতেছিল টানা দুই ম্যাচ। ‘সুপার সানডে’-তে প্রথম ম্যাচে তাই সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা ছিলই। ম্যাচের প্রথম ইনিংসে সেই লড়াইটা দেখা গেলেও, দ্বিতীয় ইনিংসে সেই লড়াইটা দেখা গেল না। ১৬৬ রান তাড়া করতে নেমে ১০ বল বাকি থাকতে, সাত উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিল নাইট শিবির।
এদিন সানরাইজার্সের টপ অর্ডার ব্যাটাররা শুরুটা বিধ্বংসী মেজাজে করলেও, দলকে ম্যাচে ফেরান কেকেআরের স্পিনাররা। মাত্র ৬০ রানের ব্যবধানে শেষ নয় উইকেট হারায় ‘অরেঞ্জ আর্মি’। তারপরে ব্যাটে নেমে কেকেআরের ওপেনিংয়ে ফেরা ফিন অ্যালেন বিধ্বংসীভাবে ইনিংস শুরু করে দলকে ম্যাচে খানিকটা এগিয়ে দেন। তিনি ২৯ রানে আউট হলেও, ততক্ষণে চার ওভারে ৪৯ রান তুলে ফেলেছে কেকেআর। নাইটদের রানের গতি যাতে না কমে, তা সুনিশ্চিত করেন অঙ্গকৃষ রঘুবংশী। অধিনায়ক রাহানের সঙ্গে মিলে তিনি অত্যন্ত পরিপক্ক একটি পার্টনারশিপ গড়েন। প্রয়োজনে বড় শটও আসে ব্যাট থেকে, তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এক, দুই রান নিয়ে স্কোরবোর্ড একটু একটু করে এগিয়ে নিয়ে যান তাঁরা। তাঁদের অর্ধশতরানের পার্টনারশিপই নাইটদের জয়ের পথ সুগম করে।
রাহানে অল্পের জন্য অর্ধশতরান মিস করলেও, চলতি মরশুমে নিজের তৃতীয় অর্ধশতরান হাঁকান রঘুবংশী। তাঁদের ব্যাটিং ইনিংসই কেকেআরকে ম্যাচে এগিয়ে দেওয়ার পর ফিনিশিং টাচটা দেন রিঙ্কু সিংহ। ১১ বলে ২২ রানে অপরাজিত থাকেন তিনি।