কলকাতা: গুঞ্জন ছড়িয়েছিল, দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। তবে প্রথম বারের মতো, দ্বিতীয়বারেও সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন শ্রীময়ী। জানিয়েছিলেন, প্রথম সন্তান জন্মের সময়ে, তাঁর শরীরে একাধিক সমস্যা হয়েছিল। দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করতেই পারেন, তবে তার জন্য কিছুটা সময় চাই তাঁর। তবে দ্বিতীয়য় সন্তান পৃথিবীতে আসার খবর ও যে কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) আর শ্রীময়ী চট্টরাজ গোপন রাখবেন, তা প্রত্যাশা করেননি অনেকেই। তবে শনিবার, সবাইকে চমকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় সুখবর শেয়ার করে নিলেন কাঞ্চন এবং শ্রীময়ী।
মা হলেন শ্রীময়ী, বাবা হলেন কাঞ্চন
সোশ্যাল মিডিয়ায় শনিবার সন্ধেয় কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজ শেয়ার করে নিয়েছেন একটি পোস্ট। সেখানে তাঁরা লিখেছেন, ‘আজ আমাদের মন আর বাড়ি, আরও একটু পরিপূর্ণ। কৃষভির ছোট ভাই, কৃষিভ আজ পৃথিবীতে এল। আর আমাদের পরিবার ৩ থেকে ৪ হল। আমরা সবাই মিলে, জীবনের একটা নতুন অধ্যায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের পরিবারে তোমায় স্বাগত, কৃষিভ।’ সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন এবং শ্রীময়ী এই খবর শেয়ার করে নিতেই অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। কৃষভির সঙ্গে নাম মিলিয়ে, ছেলের নাম রেখেছেন তাঁরা।
সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ী যথেষ্ট সক্রিয়। হামেশাই তিনি সোশ্যাল মিডিয়ায় নিজেদের জীবনের টুকরো টুকরো বিভিন্ন ছবি শেয়ার করে নেন। সেই মতো নিজের গোটা মাতৃত্বের সময়েই ছবি শেয়ার করে নিয়েছিলেন শ্রীময়ী, তবে কখনোই এই কথা প্রকাশ্যে আসতে দেননি যে তিনি মা হতে চলেছেন। তবে টলিপাড়ার অন্দরে এই খবর জানতেন অনেকেই। শ্রীময়ীকে সাধ খাইয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রকাশ্যে এসেছে সেই ছবি ও। আপাতত শুভেচ্ছার বন্যায় ভাসছেন কাঞ্চন এবং শ্রীময়ী।
অভিনেত্রী আপাতত নতুন কোনও প্রোজেক্টে কাজ করছেন না। তবে কাঞ্চন একের পর এক ছবিতে অভিনয় করছেন। সদ্যই কাঞ্চন জানিয়েছিলেন, তিনি রাজনীতি থেকে ছুটি নিতে চান। তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে, রাজনীতি নয়, অভিনয়ই হওয়া উচিত তাঁর পেশা ও নেশা। সেই কারণেই তিনি আবার পুরোদমে অভিনয় শুরু করেছেন।
আরও পড়ুন: Tollywood News: নতুন সিনেমার জন্য বিশেষ ছদ্মবেশ! এই অভিনেতাকে চেনা যাচ্ছে?