Last Updated:
রাজ্য সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে কেন্দ্রীয় বরাদ্দ আনতে। কিন্তু দফতরের মন্ত্রীদেরও কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকের প্রয়োজন। মুখ্যমন্ত্রীর এমনটাই পরামর্শ গুরুত্বপূর্ণ কয়েকটি দফতরের মন্ত্রীদের।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: নজরে রাজ্যের কোষাগরের হাল ফেরানো ও কেন্দ্রীয় বরাদ্দ বাড়তি আনা। পার্লামেন্টের বাদল অধিবেশনের সময় সব দফতরের কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে গিয়ে বৈঠকের পরামর্শ দেওয়া হয়েছে । রাজ্যের একাধিক মন্ত্রীদের দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরামর্শ মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে আসার জন্য দফতরের মন্ত্রীরা তাদের দফতরের কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করুন। ইতিমধ্যেই এই পরামর্শ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক দফতরের মন্ত্রীদের দিয়েছেন বলে সূত্রের খবর।
রাজ্যের উপর আর্থিক বোঝা বেড়ে যাওয়ায় কেন্দ্রের দ্বারস্থ এবার নয়া সরকার। বাংলার বাড়ির জন্য ১৯২০ কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে খরচ হচ্ছে। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার আওতায় এটাকে নিয়ে এসে বা কেন্দ্র এক বছরের জন্য যাতে ছাড় দেয় তার আবেদন জানিয়ে রাজ্য চিঠি লিখছে কেন্দ্রকে। প্রসঙ্গত প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা তৃণমূল কংগ্রেস সরকারের সময় দুর্নীতির অভিযোগে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয় ৷ তারপর পূর্বতন সরকার রাজ্যের কোষাগারের টাকাতে বাংলার বাড়ির টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়।
কিন্তু এবার সেই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নয়া সরকার দেওয়ার নির্দেশ দিলেও রাজ্যের কোষাগার থেকে বিপুল টাকা খরচ হবে। তার জেরেই কেন্দ্রের দ্বারস্থ হচ্ছে নয়া সরকার বলে নবান্ন সূত্রে খবর। রাজ্যের পঞ্চায়েত দফতর এক বছরের জন্য ছাড় চেয়ে চিঠি দিচ্ছে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রককে বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পে কেন্দ্র দেয় ৬০ শতাংশ টাকা এবং রাজ্য দেয় ৪০ শতাংশ টাকা। তাই এক্ষেত্রে কেন্দ্র তার নিজের আওতায় থাকা বরাদ্দ যাতে দেয় ১৬ লক্ষ উপভোক্তার জন্য, সেই আবেদন জানিয়ে চিঠি দেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর ৷
রাজ্যে একাধিক সামাজিক প্রকল্প চলছে। অন্নপূর্ণা ভাণ্ডার-সহ মহিলাদের সরকারি বাসে বিনা পয়সায় যাতায়াত, এই প্রকল্পগুলি চালাতে রাজ্যের বিপুল খরচ। অন্যদিকে পূর্বতন সরকারের সময় একাধিক লোনের ঋণ মেটানো। তার জন্যই এবার কেন্দ্রীয় বরাদ্দ আনতে বাদল অধিবেশন চলাকালীন দিল্লিতে গিয়ে বৈঠকের পরামর্শ মুখ্যমন্ত্রীর বলে নবান্ন সূত্রে খবর।
Kolkata,West Bengal
Jul 04, 2026 12:55 PM IST
