পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানি সংকটের সিঁদুরে মেঘ ভারতের আকাশে। তেলের বাজারে যেমন প্রভাব পড়েছে, তেমনই সরবরাহেও বিঘ্ন ঘটছে। এই আবহেই দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের বৈদেশিক মুদ্রাভান্ডার বাঁচাতে পেট্রল-ডিজ়েলের ব্যবহার কমানোর জন্য দেশবাসীকে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী। রান্নায় ভোজ্য তেল কম পরিমাণে ব্যবহারের আর্জি মোদির। আগামী একবছর সোনা কেনা বন্ধ এবং বিদেশ ভ্রমণের সংখ্যা কমিয়ে আনার পরামর্শও দিলেন। কোভিডকালে ভার্চুয়াল মাধ্যমে জরুরি বৈঠক সারা বা বাড়ি থেকে কাজ করার মতো বিষয় অনেকের জীবনের অঙ্গ হয়ে গিয়েছিল । সেই অভ্যাসে আরও একবার ফিরে যাওয়ার কথাও বললেন তিনি । কৃষকদের চাষের জমিতে রাসায়নিক সারের ব্যবহারও অর্ধেকে নামিয়ে আনার আর্জি জানান তিনি।