Last Updated:
বিধানসভা নির্বাচন মিটেছে সবে দুই মাস হয়েছে, এর মধ্যেই রাজ্যে আবার ভোট। পুজোর পরেই কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচনের প্রস্তুতি শুরু করছে রাজ্য সরকারের। কবে হতে পারে ভোট?
কলকাতা: পুজোর পরেই কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচনের প্রস্তুতি শুরু করছে রাজ্য সরকারের। নভেম্বর মাসের মধ্যেই ভোট করানোর লক্ষ্যে চলছে প্রস্তুতি।
সূত্রের খবর কলকাতা ও হাওড়া— দুই পুরসভাতেই আসন পুনর্বিন্যাস (Delimitation) করা হবে ভোটের আগে। হাওড়া পুরসভায় বর্তমান ৫০টি ওয়ার্ড বাড়িয়ে ৬০টি করার প্রস্তাব দেওয়া হতে পারে, জনসংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখেই এই পরিকল্পনা বলেই সূত্রের খবর। ৫ ডিসেম্বরের আগেই সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর।
২০১৮ সালের পর থেকে হাওড়া পুরসভার নির্বাচন হয়নি, ফলে প্রায় ৮ বছর ধরে জনপ্রতিনিধিহীন রয়েছে এই পুরসভা। নাগরিক পরিষেবা উন্নত করতে জেলাশাসক পি. দীপাপ্রিয়াকে আপাতত প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তর হাওড়ার বিধায়ক ও মন্ত্রী উমেশ রাই, শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ এবং বালির বিধায়ক সঞ্জয় সিং-কে নিয়ে একটি বিশেষ সমন্বয় কমিটিও গঠন করা হয়েছে।
কলকাতা এবং হাওড়া পুরসভা ছাড়াও রাজ্যের বাকি পুরসভাগুলিতেও বহু কাউন্সিলরের পদত্যাগের জেরে পরিষেবা পেতে সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। সেই সমস্ত পুরসভায় ভোট হতে পারে ২০২৭ সালে, কারণ এর আগে ভোট হয়েছে ২০২২ সালে, তবে রাজ্য সরকার চাইলে পুর ভোট এগিয়ে আনতে পারে। ২০২২ সালের পুরভোটে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছিল তৃণমূল, সেই ভোটে খাতাই খুলতে পারেনি বিজেপি। তবে সেই সময় বিধানসভায় শূন্য থাকলেও তাহেরপুর পুরসভায় জিততে পেরেছিল বামেরা। বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের জেরে পুর ভোটেও বদলে যেতে পারে অনেক হিসাবনিকেশ।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jul 07, 2026 10:32 PM IST
