Last Updated:
Abhishek Banerjee: বেআইনি নির্মাণ অভিযোগে পুরসভার নোটিস পাওয়ার সাত দিনের মধ্যে দেওয়ার কথা ছিল উত্তর। সময়সীমা শেষ হওয়ার আগেই আইনজীবীর মাধ্যমে চিঠি অভিষেকের। কী জবাব এল?
কলকাতা: জবাব দিলেও নথি নয়। পুর-নোটিসের উত্তরে আইনজীবীদের মাধ্যমে যা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইনজীবী মারফত নোটিসের জবাব দিলেও প্রয়োজনীয় নথি দেননি অভিষেক। একাধিক সম্পত্তিতে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। সাত দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ দেয় কলকাতা পুরসভা।
অভিষেক বন্দ্যোপাধ্যায় তরফে আইনজীবীর চিঠি পৌঁছল কলকাতা পুরসভায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি, তাঁর মা-বাবা-সহ একাধিক সদস্যদের নামে থাকা যে সমস্ত সম্পত্তিতে বেআইনি নির্মাণের অভিযোগে বিল্ডিং ডিপার্টমেন্টের নোটিস গিয়েছিল, সেই নোটিসের প্রেক্ষিতেই এই চিঠি বলে পুরসভা সূত্রে খবর। কলকাতা পুরসভার নয় নম্বর বোরোর বিল্ডিং ডিপার্টমেন্টে এই চিঠি পাঠানো হয়েছে। সূত্রের খবর চিঠিতে সময় চাওয়া হয়েছে। তবে এই চিঠির সঙ্গে যে সমস্ত নথি তথ্য যাওয়া হয়েছিল তা কিছুই জমা দেওয়া হয়নি বলে জানা গেছে।

পুরসভার তরফে দেওয়া হয়েছে নোটিস
উল্লেখ্য আঠারোই মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, লিপস অ্যান্ড বাউন্ডন্স কোম্পানি, তাঁর মা বাবা-সহ তাঁদের ১৭ টি সম্পত্তিতে শোকজ নোটিশ দেওয়া হয়। সাত দিনের মধ্যে সেই চিঠির জবাব দেওয়ার সময়সীমা দেওয়া ছিল। নির্ধারিত সময়সীমার আগেই অভিষেকের তরফে সময় চেয়ে চিঠি পৌঁছল কলকাতা পুরসভায়।
অভিষেকের কালীঘাটের বাড়ি ও শান্তিনিকেতনের বাড়িতে নোটিস পাঠানো হয়েছিল। সূত্রের খবর, অভিযোগ শান্তিনিকেতন ও কালীঘাটের বাড়িতে বেশ কিছু অবৈধ নির্মাণ হয়েছে। বেশ কিছু অংশ ভেঙে নতুন করে নির্মাণ করা হয়েছে। এই কারণেই ৪০০ (১) ধারায় ১৮৮ A হরিশ মুখার্জি রোড, ১২১ কালীঘাট রোডে বেশ কিছু অবৈধ নির্মাণের অভিযোগ রয়েছে, তার ভিত্তিতে নোটিস পাঠানো হয়েছে। সেই নোটিসের সাত দিনের মাথায় উত্তর দিতে বলা হয়েছিল চিঠিতে। নোটিসে এমনও বলা হয় অভিষেক নিজে না ভাঙলে, পুরসভার তরফ থেকে তা ভাঙা হতে পারে। তারই পরিপ্রেক্ষিতে আজ চিঠিতে জবাব দিলেন তৃণমূল সাংসদ।
Kolkata,West Bengal
May 24, 2026 12:22 PM IST
