Last Updated:
অভিনেতা অনির্বাণ চক্রবর্তী একেনবাবু হিসেবে জনপ্রিয়৷ অন্যদিকে ফেলুদার জটায়ু হিসেবেও তিনি পরিচিতি পেয়েছেন দর্শক মনে৷ কিন্তু এবার থেকে তিনি নাকি আর জটায়ুর চরিত্রে অভিনয় করবেন না৷
কলকাতা: বাংলা ছবির দর্শকদের কাছে অনির্বাণ চক্রবর্তী মানেই এখন একদিকে একেন বাবু, অন্যদিকে সত্যজিৎ রায়ের সৃষ্ট চরিত্র জটায়ুর সঙ্গে তাঁর অভিনয়ের স্মৃতি। কিন্তু এবার থেকে এই দুই চরিত্রকে আর একসঙ্গে দেখা যাবে না তাঁকে। জটায়ুর চরিত্রে অভিনয় থেকে সরে দাঁড়াচ্ছেন অনির্বাণ চক্রবর্তী। অর্থাৎ, ভবিষ্যতে তাঁকে শুধুমাত্র একেন বাবুর চরিত্রেই দেখা যাবে। এমনই জানিয়েছেন বিধায়ক কুণাল ঘোষ৷
একেনবাবু চরিত্রে অনির্বাণের অভিনয় ইতিমধ্যেই দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়। তাঁর নিজস্ব অভিনয়শৈলী, সংলাপ বলার ধরন এবং চরিত্রটির মজার অথচ বুদ্ধিদীপ্ত উপস্থাপনা একেনবাবুকে আলাদা পরিচিতি দিয়েছে। একেনবাবু হিসেবে অনির্বাণ দর্শক মনে জায়গা করেছেন৷ সাহিত্যের পাতা থেকে এই চরিত্রটি উঠে আসলেও ছবির মাধ্যমেই একেনবাবুকে বেশি চিনেছেন বাঙালি দর্শক৷ এবং এর সিংহভাগ ক্রেডিট অবশ্যই অভিনেতা অনির্বাণের৷

আর জটায়ু চরিত্রে দেখা যাবে না অনির্বাণ চক্রবর্তীকে?
থিয়েটার অভিনেতা, মঞ্চে তাঁর দিক থেকে নজর ফেরানো দায়৷ সেখান থেকে সিনেমার পর্দায় এসেও সফল অনির্বাণ চক্রবর্তী৷ ফেলুদার জটায়ু চরিত্রেও তিনি অভিনয় করেছেন এবং সেখানেও তাঁকে বেশ পছন্দ করেছেন সকলে৷ যদিও এর আগে সত্যজিৎ রায়ের তৈরি চরিত্রে অভিনয় করেছেন বহু নামী অভিনেতা৷ অভিনয় করেছেন সন্তোষ দত্ত, বিভু ভট্টাচার্য৷ এবং সর্বশেষ অনির্বাণ৷
কুণাল ঘোষের সঙ্গে একটি আলাপচারতায় অনির্বাণ চক্রবর্তী জানিয়েছেন যে, তিনি আর জটায়ুর চরিত্রে অভিনয় করবেন না৷ কারণ কুণাল ঘোষের মতে, জটায়ু হিসেবে তিনি সফল হলেও, তাঁর আগে বেশ কয়েকজন দাপুটে অভিনেতা জটায়ু চরিত্রে অভিনয় করে দর্শক মনে জায়গা করে নিয়েছেন৷ ফলে এই চরিত্রে তিনিই শুধু একমাত্র অভিনেতা নন, যিনি জটায়ু হিসেবে ছাপ ফেলেছেন বাংলা সিনেমায়৷
তবে এবার থেকে একই অভিনেতাকে দুই জনপ্রিয় গোয়েন্দা-জগতের চরিত্রে দেখা যাবে না। জটায়ুর চরিত্রে অনির্বাণের অভিনয় নিয়ে দর্শকদের মধ্যে যেমন আগ্রহ ছিল, তেমনই তাঁর প্রস্থানের খবর নিঃসন্দেহে নতুন কৌতূহল তৈরি করবে—আগামী দিনে তাহলে জটায়ুর ভূমিকায় কে আসবেন?
অন্যদিকে একেন বাবু হিসেবে অনির্বাণের যাত্রা আপাতত অব্যাহত। ফলে অভিনেতার অনুরাগীদের জন্য স্বস্তির খবর একটাই—একেন বাবুর ভূমিকায় অনির্বাণ চক্রবর্তীকে এখনও দেখা যাবে। তবে জটায়ু হিসেবে তাঁর অধ্যায় এবার শেষ।
