Last Updated:
রাজ্যে পালাবদলের পর একই জায়গায় গিয়ে পুনরায় প্রতিমার বায়না দেওয়াকে স্থানীয় শিল্পীদের প্রতি সমর্থন ও প্রধানমন্ত্রীর ‘ভোকাল ফর লোকাল’ উদ্যোগের প্রতি অঙ্গীকারের প্রতীক বলেই জানাচ্ছে সংগঠন।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে গিয়ে গণেশ প্রতিমার বায়না দিলেন পদ্ম বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভোকাল ফর লোকাল’-এর আহ্বানে কালীঘাটের মৃৎশিল্পীদের কাছে গণেশ প্রতিমার বায়না করল কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের সদস্যরা। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানে স্থানীয় মৃৎশিল্পীদের তৈরি মাটির গণেশ প্রতিমা ব্যবহার করার আহ্বানের পরিপ্রেক্ষিতে এবার উদ্যোগী হল কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গল। সোমবার বিকেলে কালীঘাটের পটুয়াপাড়ায় গিয়ে এবারের গণেশ পুজোর প্রতিমার জন্য পাঁচ হাজার এক টাকা দিয়ে বায়না করেন সংগঠনের সভাপতি তথা বিজেপির বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক প্রীতম সরকার।
আসানসোলের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘‘রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে আবেদন করেন যে, গণেশ পুজোয় স্থানীয় মৃৎশিল্পীদের তৈরি মাটির প্রতিমা ব্যবহার করতে। সেই আহ্বানে সাড়া দিয়েই আমরা কালীঘাটের পটুয়াপাড়ায় এবারের গণেশ পুজোর প্রতিমার বায়না করলাম।’’
প্রসঙ্গত, কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের গণেশ পুজোর উদ্বোধন প্রতি বছর করেন শুভেন্দু অধিকারী। গত বছরও একই মৃৎশিল্পীর কাছেই প্রতিমার বায়না দিতে গিয়েছিলেন সংগঠনের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু পরে ওই মৃৎশিল্পীর পরিবারের অভিযোগ ছিল, স্থানীয় পুলিশ গিয়ে তাঁদের হেনস্থা করে। শিল্পী পরিবারের দাবি, এই পদক্ষেপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নেওয়া হয়েছিল। তবে এবার আমাদের আর কোনও ভয় নেই।’’
Kolkata,West Bengal
