সন্দীপ সরকার, কলকাতা: বৃষ্টি থামতেই ভোট। ভোট শেষ হতেই বৃষ্টি। ঘরের মাঠে ফের ম্যাচ ভেস্তে যাওয়ার আতঙ্ক তাড়া করছে কলকাতা নাইট রাইডার্স শিবিরকে।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ ঝড়বৃষ্টিতে পণ্ড হয়েছিল। রাত প্রায় ১১টা পর্যন্ত চলেছিল বৃষ্টি। স্বয়ং সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় মাঠে নেমেও ম্যাচ শুরু করতে পারেননি বৃষ্টি না থামায়। শনিবার ফের ঘরের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ গুজরাত টাইটান্স। যারা ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে বসে আছে। আর একটা জয় মানেই প্লে অফ নিশ্চিত।
আরও পড়ুন: বহিষ্কার করল ক্যালকাটা পুলিশ ক্লাব, গ্রেফতার হওয়া পুলিশ কর্তাকে নিয়ে কী অবস্থান সিএবি-র?
আর সেই ম্যাচেও কি না বৃষ্টির ভ্রূকুটি! এমনকী, কালবৈশাখীতে ম্যাচ ভেস্তে যেতে পারে!
শুক্রবার বিকেল থেকে যুযুধান দুই দলই ইডেন গার্ডেন্সে প্র্যাক্টিস সারল। সন্ধ্যা থেকেই আকাশে ঝলকানি দেখা যাচ্ছিল। সঙ্গে মাঝে মধ্যে দমকা হাওয়া। মেঘের গুরুগর্জন। রাত আটটা নাগাদ আচমকাই ঝমঝমিয়ে নামল বৃষ্টি। সঙ্গে পরবল ঝড়। কালবৈশাখীতে লণ্ডভণ্ড হল মাঠও।
আরও পড়ুন: বাংলা ক্রিকেট দলের কোচ কে হচ্ছেন? শেষ মুহূর্তে চমক দিয়ে তিনজনের ইন্টারভিউ!
ইডেনের মাঠকর্মীরা ততক্ষণে মাঠ ঢেকে ফেলেছেন। কিন্তু বিপত্তি ঝড়ের কারণে। আচমকা মাঠের মাঝখানের কভার উড়ে গেল। প্রায় জনা ১০-১২ কর্মী চেষ্টা করেও সেই কভার ধরে রাখতে পারলেন না। কভার গিয়ে পড়ল বি ব্লক গ্যালারিতে। রেলিংয়ে জড়িয়ে গেল।
পরের প্রায় এক ঘণ্টা ধরে চলল যুদ্ধ। মাঠকর্মীরা আপ্রাণ চেষ্টা করেও কভার পুরো ধরে রাখতে পারলেন না। মাঠ ভিজল। এমনকী, একবার কয়েক মুহূর্তের জন্য পিচের ওপরের কভারও সরে গিয়েছিল। বাইশ গজও কি ভিজল!
মাঠে যেভাবে জল দাঁড়াল, কেউ কেউ বলছিলেন, খেলা যদি শনিবার সকালে হতো, মাঠ নরম থাকত। নির্ধারিত সময়ে শুরু করা যেত না। স্বস্তির বলতে, ম্যাচ শুরু রাত সাড়ে সাতটায়। ততক্ষণে মাঠ তৈরি হয়ে যাওয়ারই কথা।
তবে শনিবারও কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। ম্যাচ কোনও কারণে ভেস্তে গেলে? কপাল পুড়তে পারে কেকেআরের। পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। সেক্ষেত্রে কেকেআর শেষ দুই ম্যাচ জিতলেও সর্বোচ্চ ১৪ পয়েন্ট পাবে। তাতে প্লে অফের টিকিট কনফার্ম না হওয়ার সম্ভাবনাই বেশি।
আরও পড়ুন: কেকেআরের উপেক্ষা মনে রাখতে চান না, ছেলের হয়ে গলা ফাটাতে ইডেনে শুভমনের বাবা