কলকাতা : “যে যত বড় মন্ত্রী, তাঁর তত বড় হার হয়েছে।” কিছুক্ষণ আগেই এই মন্তব্য করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। রাজ্যজুড়ে কার্যত প্রবল গেরুয়া ঝড়। একাধিক হেভিওয়েট প্রার্থী পরাস্ত। শশী পাঁজা, ব্রাত্য বসু, উদয়ন গুহ-দের মতো ওজনদার মুখও জিততে পারেননি। অবশ্য এই আবহেও নিজেদের দাপট অব্যাহত রেখেছেন তৃণমূল কংগ্রেসের একাধিক বর্ষীয়ান নেতা। সেই তালিকায় সদ্য সংযোজন হল মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ‘আস্থাভাজন’ ফিরহাদ হাকিমের নাম। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী । নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাকেশ সিংয়ের থেকে ৫৬ হাজার ৮০টি বেশি ভোটে এগিয়ে জয়ী হন ফিরহাদ। তাঁর প্রাপ্ত ভোট ১ লক্ষ ১ হাজার ২২৬।
কলকাতা বন্দর কেন্দ্রে ১৯ রাউন্ড গণনা শেষ। নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জয়ী তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। ভোটারদের বিশ্বাস জিতে নিজের দাপট দেখিয়েছেন তিনি। তাঁর প্রাপ্ত ভোট- ১ লক্ষ ১ হাজার ২২৬। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী রাকেশ সিংহ। তিনি পেয়েছেন ৪৫ হাজার ১৪৬টি ভোট। প্রসঙ্গত, জামিন পাওয়ার পরেই তাঁকে এবার টিকিট দিয়েছিল বিজেপি। তাও আবার ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দর থেকে। জেল থেকে বেরিয়েই তিনি হুঙ্কার দিয়েছিলেন। বলেছিলেন, ‘কলকাতা পোর্টের দাউদ ইব্রাহিম, মিনি পাকিস্তানের দাউদ ইব্রাহিমকে হারাব।’ আজ ফলাফলে দেখা গেল, এই কেন্দ্রে ফিরহাদের ওপরই আস্থা রেখেছেন সিংহভাগ মানুষ। অন্যদিকে, তৃতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী ফৈয়াজ আহমেদ খান। তাঁর প্রাপ্ত ভোট ২ হাজার ৫৭১। চতুর্থ স্থানে রয়েছেন- আকিব গুলজার। তাঁর প্রাপ্ত ভোট ২ হাজার ৫৩৩ ।
রাকেশের হয়ে খিদিরপুরে প্রচারে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। একটি শিব মন্দিরে পুজো দেন রাকেশ ও শুভেন্দু। এলাকায় বিজেপির মিছিলও ছিল বেশ নজরকাড়া। খিদিরপুর, সংখ্যালঘু প্রধান কেন্দ্র, সেখানে বিজেপির জন্য ভোটের হাওয়া কেমন, জানতে চাইতেই শুভেন্দু অধিকারী স্পষ্ট জবাব দিয়েছিলেন, আপনারাই দেখুন মানুষের প্রতিক্রিয়া। তাঁর বক্তব্য ছিল, এই এলাকায় ৮০ শতাংশের বেশি মানুষ সংখ্যালঘু। কিন্তু তা সত্ত্বেও এখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পরিত্রাণ চাইছেন। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভোটব্যাঙ্কের পলিটিক্স মানুষ বুঝে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিউনাল পলিটিক্স এবার ফেল করবে। কারণ মানুষ বুঝে গিয়েছেন, বিজেপি ক্ষমতায় আসলে সকলের উন্নয়ন হবে। শুভেন্দু আরও দাবি করেছিলেন, বন্দর থেকে ‘এবার ফিরহাদ হাকিম হারছেন। SIR এর পর ওঁর জেতার কোনও জায়গা নেই।’