কলকাতা: কাল দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা সমতল ও পাহাড় দুই জায়গাতেই। ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। উত্তরবঙ্গের কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। পড়তে পারে বাজ।
আরও পড়ুন, “..শেষ করে দিল আমাদের দলটাকে”, অভিষেককে নিশানা কল্য়াণের
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চলের উপর, অবস্থানকারী উর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত বর্তমানে, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের, উপর অবস্থান করছে। এটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি উচ্চতা পর্যন্ত, বিস্তৃত রয়েছে। উচ্চতার দিক থেকে এটি দক্ষিণ পশ্চিম দিক থেকে হেলে রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম বাংলাদেশ, উপকূলের উপরে একটি নিম্নচাপ অঞ্চল গঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস আরও জানিয়েছে, দক্ষিণ বাংলাদেশের ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। উত্তর-পশ্চিম বিহার থেকে মনিপুর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। রাজস্থানের শ্রী গঙ্গানগর থেকে মৌসুমী অক্ষরেখা বিহারের মুজাফফরপুর এবং বাংলার বালুরঘাটের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্য মনিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে।