Last Updated:
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। শুনানিতে অধ্যক্ষের সিদ্ধান্তের উপর স্থিতাবস্থা বজায় রাখার ইঙ্গিত দিয়েছে হাই কোর্ট; বুধবার ফের শুনানি।
কলকাতা: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার অধ্যক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। কালীঘাটের তৃণমূল বিধায়ক অধ্যক্ষের ওই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন।
মঙ্গলবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে স্পিকার রথীন্দ্র বসুর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলার শুনানি হয়। প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি শম্পা সরকার জানান, অধ্যক্ষের সিদ্ধান্তের উপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হতে পারে। মামলার পরবর্তী শুনানি বুধবার দুপুর ৩টেয় অনুষ্ঠিত হবে।
মামলার শুনানিতে বিচারপতি শম্পা সরকার প্রশ্ন তোলেন, “এই ধরনের বিতর্কে অন্য মামলা যখন সুপ্রিম কোর্টে বিচারাধীন, তখন অধ্যক্ষের এত তাড়াহুড়ো করার কী ছিল?” শুনানি চলাকালীন বিচারপতি শম্পা সরকার ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে বলেন, “অধ্যক্ষের সিদ্ধান্তের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিতে পারি।”
এর আগে কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চে শোভনদেবের আবেদনের শুনানি হয়েছিল। তবে গত ১৮ জুন বিচারপতি কৃষ্ণা রাও কোনও অন্তর্বর্তী নির্দেশ দিতে অস্বীকার করে জানান, মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৮ জুলাই। এরপরই ডিভিশন বেঞ্চে আবেদন করেন শোভনদেব।
মঙ্গলবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি শম্পা সরকার জানান, অধ্যক্ষের সিদ্ধান্তের উপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হতে পারে। মামলার পরবর্তী শুনানি বুধবার দুপুর ৩টেয় হবে।
মামলায় শোভনদেবের দাবি, বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের পরিষদীয় দলে ভাঙন দেখা দেয়। দলীয় নেতৃত্ব পরিষদীয় দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করলেও, দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ৫৮ জন বিধায়কের সমর্থনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হন।
আবেদনে আরও দাবি করা হয়েছে, দলবিরোধী কার্যকলাপের অভিযোগে গত ১ জুন তৃণমূল নেতৃত্ব ঋতব্রতকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছিল। বিধানসভা নির্বাচনে তৃণমূল ৮০টি আসনে জয় পাওয়ায় তারাই রাজ্যের প্রধান বিরোধী দল। সেই সূত্রে দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেবের নাম মনোনীত করেন এবং গত ৯ মে সেই মর্মে স্পিকারকে চিঠিও দেওয়া হয়।
শোভনদেবের অভিযোগ, ওই চিঠির ভিত্তিতে স্পিকার কোনও পদক্ষেপ করেননি। পরিবর্তে দল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেন। সেই সিদ্ধান্তের বৈধতা নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। মামলায় প্রশ্ন তোলা হয়েছে, দল থেকে বহিষ্কারের পরও কীভাবে ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হল।
Kolkata,West Bengal
Jul 14, 2026 11:48 PM IST
