আমদাবাদ: চলছে আইপিএল ফাইনাল। তার মাঝেই আইপিএলের খোলনলচে বদলে দেওয়ার মতো প্রস্তাব দিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। জানালেন, টি-২০ ফর্ম্যাটেও ভারসাম্য রক্ষা করতে কিছু সুবিধা দেওয়া উচিত বোলারদেরও। আর তার জন্য নিয়মে বড় বদল করার কথা বলেছেন কিংবদন্তি ক্রিকেটার।
একটি অনুষ্ঠানে গিয়ে সচিন তেন্ডুলকর বলেন, ‘আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম এখনই তুলে দেওয়া উচিত।’
সচিনের প্রস্তাব শুনেই হাততালি ওঠে দর্শকাসন থেকে। মনে করিয়ে দেওয়া যাক, দর্শকাসনে ছিলেন অনিল কুম্বলে থেকে শুরু করে প্রধান নির্বাচক অজিত আগরকর, আর অশ্বিন থেকে শুরু করে জাহির খানের মতো বিখ্যাতরা। সচিন বলেন, ‘আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম এখনই তুলে দেওয়া উচিত বলেই আমার ব্যক্তিগত মত। এমনিতেই টি-২০ ক্রিকেট মানে ২০ ওভার খেলতে হবে। আর সেখানে একজন অতিরিক্ত ব্যাটার খেলানো হচ্ছে। বোলারদের জন্য এমনিতেই কঠিন পরীক্ষা। আমি মনে করি ভারসাম্য নেই।’
আরও পড়ুন: সবচেয়ে বেশিবার আইপিএল জিতেছে কোন দল? কোন বছর কারা চ্যাম্পিয়ন? রইল তালিকা
আরও তাৎপর্যপূর্ণ প্রস্তাব দিয়েছেন মাস্টার ব্লাস্টার। বলেছেন, ‘পাওয়ার প্লে-র ৬ ওভার নিয়েও মতামত রয়েছে আমার। যে সময় ৩০ গজের বৃত্তের বাইরে দুজন ফিল্ডার থাকে। সেই পাওয়ার প্লে-কে দুভাগে ভাগ করা হোক। প্রথম ৪ ওভার ব্যাটারদের জন্য যেমন আছে থাকুক। পরের ২ ওভার ফিল্ডিং টিমের হাতে থাকুক। সেটা ওরা নিজেদের সুবিধামতো নিক। ম্যাচের যে কোনও সময় হতে পারে। যেখানে বৃত্তের বাইরে বাড়তি একজন ফিল্ডার রাখা যাবে টানা দু’ওভার। তাতে ফিল্ডিং টিমও খেলাটা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারবে।’
এখানেই শেষ নয়, একজন বোলারকে ৫ ওভার বল করতে দেওয়া হোক, আবেদন সচিনের। বলেছেন, ‘একজন বোলারকে ৫ ওভার বল করতে দেওয়া হোক। আমি সব সময়ই চাইব যে দলের সেরা বোলার আরও একটা বাড়তি ওভার বল করবে। আপনারা কি চাইবেন না দলের সেরা বোলার আরও বল করছে সেটা দেখতে?’
সচিন আরও বলেন, ‘সেরা ব্যাটার তো এমনকী, ২০ ওভারও ব্যাট করতে পারে। তা হলে দলের সেরা বোলারকে কেন পাঁচ ওভার বল করতে দেওয়া হবে না?’
আরও পড়ুন: কিংবদন্তি পঙ্কজ রায়ের জন্মদিন পালনে ছেলে প্রণব রায়কেই ডাকতে ভুলে গেল সিএবি! সমালোচনার ঝড়