Last Updated:
বাড়ি তৈরির প্ল্যান পাশ করাতে আই ফোন দাবি করা হত, দুটো বাড়ি তৈরির প্ল্যান অনুমোদনে ২০টি আই ফোন দাবি করা হয় বলে অভিযোগ কালীচরণের বিরুদ্ধে
কলকাতা: বাড়ি তৈরির প্ল্যান অনুমোদনে আই ফোন দাবি করা হত, দুটো বাড়ি তৈরির প্ল্যান অনুমোদনে ২০টি আই ফোন দাবি করা হত বলে অভিযোগ। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের আপ্ত সহায়ক কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে বিরুদ্ধে এহেন অভিযোগের তদন্তে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা।
নিউ মার্কেট থানায় কালীচরণের বিরুদ্ধে আই ফোন চাওয়া হয়েছে, এই মর্মে অভিযোগ জানানো হয়েছিল, তাতে মামলা রুজু করে পুলিশ, তদন্ত ভার দেওয়া হয় গুন্ডা দমন শাখাকে। এবারে এই মামলায় কালীচরণকে নিজেদের হেফাজতে নিল গুন্ডা দমন শাখা।
অভিযোগ দুটো বাড়ি তৈরির প্ল্যান অনুমোদন করে দেওয়া হবে, তার জন্য বিল্ডিং বিভাগে এসে দিতে হবে ২০ টি আইফোন। ফোন না পেলে মিলবে না অনুমোদন, সাফ জানিয়েছিলেন কালীচরণ। এই মামলাতে কালীকে এবার নিজেদের হেফাজতে নিল পুলিশ। তারাতলা বিপর্যয় মামলায় জেল হেফাজতে ছিলেন কালী। আজ তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করে হেফাজতে নেওয়া হয়েছে।
কে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়? তিনি কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি। অতীতেও তাঁকে ঘিরে তৃণমূলের অন্দরে তীব্র বিতর্ক ও টানাপোড়েনের সৃষ্টি হয়েছিল। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর, ফিরহাদ হাকিমের তৎকালীন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের এক কর্মী। অভিযোগ ছিল, কালীচরণ নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে ব্যবসায়ী, সরকারি আধিকারিক এবং সাধারণ মানুষের কাছ থেকে তোলা আদায় করতেন। পাশাপাশি, প্রভাবশালী পরিচয় ব্যবহার করে একাধিক এজেন্টের মাধ্যমে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jul 15, 2026 10:43 PM IST
