Last Updated:
Birth Death Certificate: ভুয়ো সার্টিফিকেট ইস্যুতে এবার চাঞ্চল্যকর সিদ্ধান্ত রাজ্য সরকারের। জন্ম শংসাপত্র বার্থ ও ডেথ সার্টিফিকেট সংরক্ষণ করার দায়িত্বে আর পঞ্চায়েত প্রধান নয়। রাজ্য জুড়ে শুরু অভিযান।
কলকাতা: গ্রাম পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটির অফিসগুলি থেকে জন্ম ও মৃত্যুর শংসাপত্র সংরক্ষণ করতে চলেছে রাজ্য পুলিশ। আগামী দিনে জন্ম ও মৃত্যু শংসাপত্র নিয়ে কোনও সময় তদন্তের প্রয়োজন হলে সেক্ষেত্রে সংরক্ষণে থাকা এই সার্টিফিকেটগুলি নিয়ে তারা তদন্ত করতে পারবে। ইতিমধ্যেই বিভিন্ন জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের এই নির্দেশ রাজ্য পুলিশের তরফে দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর।
সম্প্রতি জন্ম ও মৃত্যুর শংসাপত্র যাচাই করতে গিয়ে একাধিক ভুয়ো শংসাপত্রের হদিশ পেয়েছে রাজ্য। সীমান্তবর্তী জেলা থেকে এই হদিশ পাওয়া গিয়েছিল। সম্প্রতি জন্ম ও মৃত্যুর শংসাপত্র আইনে সংশোধনও এনেছে রাজ্য। সংশোধন করে একাধিক বদল আনা হয়েছে। এবার বিভিন্ন মিউনিসিপ্যালিটি ও গ্রাম পঞ্চায়েত অফিসগুলিতে যে জন্ম ও মৃত্যুর শংসাপত্রগুলি আছে সেগুলি সংরক্ষণ করে রাখবে বিভিন্ন জেলার পুলিশ।
১) বিভিন্ন সময়ে যে ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে সেগুলো কারা করেছিল? তাদের চিহ্নিত করে গ্রেফতার করা। ২) যাদের অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করা হয়েছে তাদের পরিবারের বার্থ বা ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছিল কি বা হলে কারা করেছিল? তা চিহ্নিত করা। তার জন্যই এই নির্দেশ বলেই সূত্রের খবর।
প্রসঙ্গত, আজ সকাল ১১টা থেকে ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যুতে রাজ্য জুড়ে অভিযান চলছে। মূলত জন্ম ও মৃত্যু সনদের রেজিস্ট্রেশন নিয়ে বৈধতা নিশ্চিত করতেই এই অভিযান চলছে। এই কারণেই সব পুরসভা, পঞ্চায়েতে এই কাগজ খতিয়ে দেখা হচ্ছে।
এই প্রসঙ্গে মুখ্যসচিব আজ সাংবাদিক বৈঠকে জানান, “১৯৯৭ সালে বামফ্রন্ট রুল সংশোধন করে পঞ্চায়েত প্রধানকে এই সার্টিফিকেটগুলো ইস্যু করার দায়িত্ব দেয়। এর আগে সরকারি কর্মীরা সেটা ইস্যু করত। এরই সঙ্গে সঙ্গে সরকারি জায়গা থেকে রাজনৈতিক জায়গায় চলে গেল এই পদ্ধতি। কোনও আইএএস অফিসার যদি বিদেশেও চলে যান অনৈতিক, বেআইনি কাজ করে তবে আমরা সেখান থেকেও টেনে আনতে পারব। কিন্তু বহু জায়গায় বর্তমানে পঁচায়েত প্রধান দফতরেই আসছেন না। বস্তুত কোনও সরকারি অফিসারের দায়বদ্ধতা আছে, পঞ্চায়েত প্রধানের সেই দায়বদ্ধতা নেই। একমাত্র আমাদের রাজ্যেই এরকম বেসরকারি কেউ এইসব সার্টিফিকেট ইস্যু করতে পারত। এটা চলতে পারে না। সব প্রয়োজনীয় নথি- আধার কার্ড, প্যান কার্ড-সহ সব কিছুর জন্য বার্থ সার্টিফিকেট সবথেকে গুরুত্বপূর্ণ।”
Kolkata,West Bengal
