কলকাতা: নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মমতাকে ‘স্বৈরাচারী’ বলে আক্রমণ করলেন তিনি। এমনকি ভোটগণনার দিন তৃণমূল গন্ডগোল পাকাতে পারে বলে আশঙ্কাও প্রকাশ করলেন। সেই নিয়ে তাঁকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। (Dilip Ghosh on Mamata Banerjee)
মাঝে আর মাত্র একটা দিন। তার পরই ঠিক হয়ে যাবে, আগামী পাঁচ বছর রাজ্য কোন দলের হাতে থাকবে। সেই আবহেও আক্রমণ, পাল্টা আক্রমণ চলছে। বিজেপি এবং নির্বাচন কমিশনের মাধ্যমে যেখানে যোগসাজশের অভিযোগ তুলছে তৃণমূল, তেমনই হার নিশ্চিত জেনে তৃণমূল অশান্তি পাকাতে চাইছে বলে দাবি করছে বিজেপি। (Kunal Ghosh)
আরও পড়ুন: ভোটে মার খেয়ে থাকলে পুরস্কার মিলবে, ঘোষণা মমতার, বললেন, ‘বিজেপি ২০০-৩০০ ভোটে জিতছে দেখলে…’
আর সেই আবহেই মমতাকে ট্রাম্পের সঙ্গে তুলনা করলেন দিলীপ। সরাসরি নাম না নিলেও, দিলীপের বক্তব্য, “প্রথম দফায় ভোটের দু’-তিন ঘণ্টার মধ্যেই তৃণমূল বুঝে গিয়েছে ওরা হারতে চলেছে। তখন থেকেই নাটক শুরু হয়েছে। গণনার দিন কিছু গন্ডগোল করতে পারেন। কারণ এখানেও তো একটা ডোনাল্ড ট্রাম্প রয়েছেন! তিনি পরাজয় মানবেন না। দরকার হলে বোমা মেরে উড়িয়ে দেবেন। কাউন্টিং বন্ধ করে দেবেন। সেটাও করতে পারে তৃণমূল। কারণ হার মেনে নেওয়া খুব মুশকিল। যারা খুব স্বৈরাচারী হয়, তারা হার মেনে নিতে পারে না।”
এর পাল্টা দিলীপকেই কটাক্ষ করেছেন কুণাল। তাঁর বক্তব্য, “দিলীপ ঘোষ বিভিন্ন সময় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন। উনি তো শুভেন্দু অধিকারী, রাজ্যে যারা তৎকাল বিজেপি, যারা দলবদলু বিজেপি, তাদের বিরুদ্ধেই বেশি লড়েন। তারাই হারবে। সেকথাই বলছেন।”
রাজ্যের ২৯৪টি আসনের ফলঘোষণা হতে চলেছে সোমবার। তবে তার আগেও অভিযোগ-অনুযোগ জারি। EVM বিকৃতির অভিযোগের জেরে আজই পুনর্নির্বাচন হয়েছে একাধিক কেন্দ্র। তার মধ্যেও স্ট্রং রুমে সিসিটিভি বিপত্তি থেকে কারচুপির অভিযোগ সামনে আসছে। সেই নিয়ে শাসক-বিরোধী উভয়ই অতিসক্রিয়। তবে শেষ পর্যন্ত কে ক্ষমতা দখল করে, তা বোঝা যাবে সোমবারই। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।