কলকাতা : মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জোট আহ্বান’ প্রসঙ্গে এবার পাল্টা জবাব দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেছেন, ‘এতদিন বিরোধীদের কোনও জায়গা দিয়েছেন? সম্মান দিয়েছেন? বাঁচার অধিকার দিয়েছেন? ঘরবাড়ি ভেঙেছেন, তাঁদের মুখ দেখতেন না, কী কী বলেছেন… আজকে ঠ্যালায় পড়েছেন বলে গাছে উঠতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনীতি, এই যে স্যান্ডউইচ রাজনীতি এটা চলবে না। আজ মানুষ আপনাকে ধাক্কা দিয়েছে। চুপ করে একটু বসুন না, কিছুদিন দেখুন না যে কী হচ্ছে। কেউ আপনার সঙ্গে নেই। আপনার দলের লোকেরাও নেই। আপনার দলের লোকেরা ঘরছাড়া, খোঁজ নিন। গতকাল ব্রিগেডে মন্ত্রী পদে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ। আগামীদিনের পরিকল্পনা প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ বলেছেন, সবে কাজ শুরু হয়েছে। আরও অনেক মন্ত্রী শপথ নেবেন। সবাই মিলে ভালভাবে কাজ করতে হবে।’
এবারের বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন দিলীপ ঘোষ। গতকাল শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথে দিনই শপথ নিয়েছেন দিলীপ ঘোষও। এদিন মন্ত্রী পদে শপথ নিয়েছেন আরও চারজন। তাঁরা হলেন নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু, অগ্নিমিত্রা পাল এবং অশোক কির্তনীয়া। গতকাল শপথের পর রাতে কাঁথির বাড়ি গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আজ সকাল থেকেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ছিল মানুষের ভিড়। সকলেই এসেছেন নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে। অধিকারী পরিবারের কেউই চাননি সাধারণ মানুষের যাতে একটুও অসুবিধা হয়। তাই কোনও অতিরিক্ত নিরাপত্তা নেননি তাঁরা। বাড়ির সামনে গতকাল রাতে গার্ডরেল লাগানো হলেও তা সরিয়ে দেওয়া হয়। বাড়ির সামনে দিয়ে খুব স্বাভাবিক ভাবেই যান চলাচল করছিল। আশপাশে মানুষ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা, অভিবাদন জানাতে আসা সাধারণ মানুষ, কারওরই অসুবিধা কোনও হয়নি।
‘ভুয়ো SC-ST সার্টিফিকেট নিয়ে তদন্ত হবে, অভিযুক্তদের বিরুদ্ধে…’, ক্ষুদিরাম টুডুর হুঁশিয়ারি
এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফায় ভোট হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম – এই ১৬ জেলায়। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান – এই ৭ জেলায়। ফলতায় নতুন করে ভোট হবে ২১ মে। ফল ঘোষণা ২৪ মে। ৪ মে পশ্চিমবঙ্গের মোট ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। বিজেপি পেয়েছে ২০৭টি আসন।