সন্দীপ সরকার, কলকাতা: রবিবার মরণ-বাঁচন ম্যাচ। প্লে অফে যাওয়ার সামান্যতম সম্ভাবনা বাঁচিয়ে রাখতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিততেই হবে কলকাতা নাইট রাইডার্সকে। ঘরের মাঠে খেলা কেকেআরের। ইডেন গার্ডেন্সে পরপর দুই ম্যাচ জিতে চনমনে নাইট শিবির। দিল্লির বিরুদ্ধে সর্বস্ব পণ করে ঝাঁপানোর নীল নকশা সাজানো চলছে।
আর সেই ম্যাচের ৪৮ ঘণ্টা আগে কি না এমন এক দুঃসংবাদ এল নাইট শিবিরে যে, তছনছ হয়ে গেল যাবতীয় পরিকল্পনা!
চোট পেয়ে আইপিএল এবারের মতো শেষই হয়ে গেল অঙ্গকৃষ রঘুবংশীর। যিনি চলতি মরশুমে আইপিএলে কেকেআরের সর্বোচ্চ স্কোরার। ১৩ ম্যাচে করেছেন ৪২২ রান। কেকেআর যে শেষ ৭ ম্যাচের মধ্যে ৬টি জিতে প্লে অফের দৌড়ে রয়েছে, তার জন্য অনেকটাই কৃতিত্ব প্রাপ্য অঙ্গকৃষের।
শুক্রবার বিকেলে কেকেআর যখন ইডেন গার্ডেন্সে প্রস্তুতির জন্য এল, তখনই অশনি সংকেত ছিল। দেখা গেল, টিমবাস থেকে নামার সময় স্লিঙ্গিং ব্যাগে বাঁহাত ঝুলিয়ে নামছেন অঙ্গকৃষ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ইডেনে আগের ম্যাচে তিলক বর্মার ক্যাচ ধরতে গিয়ে বরুণ চক্রবর্তীর সঙ্গে সংঘর্ষে চোট পেয়েছিলেন অঙ্গকৃষ। তাঁর মাথায় ও আঙুলে চোট লাগে। সেই ম্যাচে কেকেআর জিতলেও, অঙ্গকৃষ আর মাঠে নামতে পারেননি। তাঁর পরিবর্তে কনকাশন সাব হিসাবে মাঠে নামেন তেজস্বী দাহিয়া।
সেই চোটই কাল হল অঙ্গকৃষের। আইপিএল থেকে ছিটকেই গেলেন মুম্বইয়ের তরুণ। শুক্রবার রাতে কেকেআর শিবির থেকে জানানো হল, আইপিএল থেকে ছিটকে গিয়েছেন অঙ্গকৃষ।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বরুণের বলে উঁচু ক্যাচ তুলেছিলেন তিলক। বরুণ সেই ক্যাচ ধরেই নিয়েছিলেন প্রায়। আচমকাই উইকেটের পিছন থেকে দৌড়ে এসে ঝাঁপিয়ে বরুণকে ধাক্কা মারেন অঙ্গকৃষ। তিনি দেখেননি যে, বরুণ ক্যাচটা ধরেই ফেলেছেন। আচমকা ধাক্কায় ক্যাচ ফেলে দেন বরুণ। চোট পান অঙ্গকৃষ।
𝗞𝗼𝗹𝗸𝗮𝘁𝗮 𝗞𝗻𝗶𝗴𝗵𝘁 𝗥𝗶𝗱𝗲𝗿𝘀 𝘂𝗽𝗱𝗮𝘁𝗲 𝗿𝗲𝗴𝗮𝗿𝗱𝗶𝗻𝗴 𝗔𝗻𝗴𝗸𝗿𝗶𝘀𝗵 𝗥𝗮𝗴𝗵𝘂𝘃𝗮𝗻𝘀𝗵𝗶:
Angkrish Raghuvanshi has been ruled out of 2026 TATA Indian Premier League after sustaining a concussion and a fracture to a finger on his left hand while attempting… pic.twitter.com/M2u1OWlrib
— KolkataKnightRiders (@KKRiders) May 22, 2026
সেই সংঘর্ষের পরই মাঠ ছাড়েন অঙ্গকৃষ। সেই ম্যাচে নাইট জার্সিতে অভিষেক হয় তেজস্বীর। রবিবারের ম্যাচে দিল্লির বিরুদ্ধে তেজস্বীই হয়তো খেলবেন। প্র্যাক্টিসে দেখা গেল, তেজস্বীকে দীর্ঘক্ষণ কিপিং প্র্যাক্টিস করালেন ফিল্ডিং কোচ দিশান্ত যাজ্ঞিক।
উইকেটকিপার হিসাবে তো বটেই, ব্যাটার অঙ্গকৃষের অভাব ঢাকাও চ্যালেঞ্জ কেকেআরের।