কলকাতা: জন্মদিনে নতুন চমক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)। পুজোর আগেই টলিউডের ‘বুম্বাদা’-র নতুন ছবির ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। হিমাদ্রিকিশোর দাশগুপ্তের গল্প অবলম্বনে আসছে নতুন সিনেমা, ‘জাদুকর সত্যচরণ’ (Jadukar Satyacharan)। সায়ন্তন ঘোষাল পরিচালিত এই সিনেমার চিত্রনাট্য লিখছেন, সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। আর এই সিনেমাতেই জাদুকরের ভূমিকায় থাকছেন, প্রসেনজিৎ। জন্মদিনে প্রকাশ্যে এল তাঁর লুক। মাথায় উষ্ণীষ দেওয়া পাগড়ি, গায়ে ঝলমলে কোট.. একেবারে নতুন লুকে ধরা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, এর আগে কখনও যাদুকরের চরিত্রে অভিনয় করেননি তিনি। সেই কারণে একেবারে নতুন অভিজ্ঞতা হতে চলেছে তাঁর এই সিনেমার হাত ধরে।
জন্মদিনে যাদুকরের বেশে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
এই সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), ইশা সাহা (Isha Saha), শুভাশিষ মুখোপাধ্যায় (Subhasish Mukhopadhyay), শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee) এবং অনিরুদ্ধ গুপ্ত (Aniruddha Gupta)। প্রসেনজিৎ আর ঋত্বিক অভিনীত, ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির স্মৃতি, আজও অমলিন মানুষের মনে। সেই ঋত্বিক-প্রসেনজিতের জুটিই আবার ফিরছে নতুন গল্প নিয়ে। হিমাদ্রিকিশোর দাশগুপ্তের ৪টে গল্পের মিশেলে চিত্রনাট্যে রহস্য বুনছেন সব্যসাচী, ছবিতে তাঁর চরিত্রের নাম, চন্দন। এই চন্দনকে ঘিরেই আবর্তিত হবে সিনেমার গল্প। নতুন সিনেমা নিয়ে সায়ন্তন ঘোষাল বলছেন, ‘জাদুকর সত্যচরণ-এর চিত্রনাট্যে মিলেমিশে থাকবে রহস্য আর বাস্তব। অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ছোটবেলায় পি সি সরকার সিনিয়র (P. C. Sorcar)-এর ম্যাজিক দেখেছেন তিনি। পরবর্তীকালে পি সি সরকার জুনিয়রের ম্যাজিক দেখেছেন, ব্যক্তিগতভাবে আলাপও রয়েছে তাঁদের।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলছেন, ‘যাদুকর বলতে বাঙালির প্রথম যে কথা মনে পড়ে, তিনি হলেন পি সি সরকার। যিনি ম্যাজিককে ছড়িয়ে দিয়েছেন গোটা বিশ্বে। অভিনেতা হিসেবে আমার সবসময়েই খিদে থাকে, নতুন কিছু করার। এত দীর্ঘ কেরিয়ারে কখনও যাদুকরের চরিত্রে অভিনয় করার সুযোগ পাইনি। যাঁরা আমায় চেনেন, তাঁরা জানেন আমি যদি চিত্রনাট্য পড়ে বলি, ‘ক’দিন পরে জানাচ্ছি’, তার মানে চিত্রনাট্য আমার পছন্দ হয়নি। কিন্তু যদি চিত্রনাট্য শুনে বলি, ‘কবে শ্যুটিং করছিস বল, কোথায় শ্যুটিং করছিস বল..’ তার মানে চিত্রনাট্যটা আমার পছন্দ হয়েছে। এটা ঠিক তেমনই একটা চিত্রনাট্য। ৫ তারিখ থেকে শ্যুটিং শুরু হচ্ছে। আমি ভীষণভাবে অপেক্ষা করছি কাজটা শুরু হওয়ার জন্য।’