কলকাতা: মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যাঁরা বিনিয়োগ করেন, তাঁরা বিনিয়োগের ক্ষেত্রে বেশ কিছু ভুল করে ফেলেন। অনেক সময় দেখা যায়, মার্কেট পড়ছে বা যে ফান্ডে বিনিয়োগ করা হয়েছে, সেই ফান্ডের ভ্যালু পড়ছে দেখে অনেকেই বিনিয়োগ বন্ধ করে দেন বা বিনিয়োগ তুলে নেন। এমন করলে কি আখেরে লাভ হয়? নাকি ক্ষতি? বিশ্লেষণ করলেন অভিনেতা ও মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর সিদ্ধার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: SIP তো করেছেন, এই কাজ না করলে বিরাট ক্ষতি হতে পারে আপনার, ক্ষতি এড়াতে পরামর্শ দিলেন বিশেষজ্ঞ
অনেকেই এমন আছে, বিনিয়োগ করা শুরু করার পর বিনিয়োগের রিটর্নে দারুণ কোনও সংখ্যা দেখতে না পেয়ে বা ভাল ফান্ডের ভ্যালু করে মেলে প্যানিক করে বিনিয়োগ বন্ধ করে দেন বা টাকা তুলে নেন। বিশেষজ্ঞরা বলছেন এমন করা ঠিক নয়। এতে আসলে ক্ষতি হয় বিনিয়োগকারীরই। মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলছেন, “মার্কেট পড়ে গেলে টাকা তুলে নেওয়া, সম্পূর্ণ ভুল। রুপি কস্ট অ্যাভারেজিং বলে একটা ব্যাপার আছে। মার্কেট পড়লে যদি SIP চালিয়ে যাওয়া হয়, তাহলে রুপি কস্ট অ্যাভারেজিংয়ে গড় ইনভেস্টমেন্ট ভ্যালু অর্থাৎ বিনিয়োগের ভ্যালু অ্যাডজাস্ট হতে থাকে। কমতে থাকে।”
দেখা গিয়েছে কেউ যদি একবার বিনিয়োগ বন্ধ করে দেন, তাহলে পুনরায় বিনিয়োগের শৃঙ্খলা তৈরি হতে অনেক সময় লেগে যায়। আর তার প্রভাব পড়ে সামগ্রিক পোর্টফোলিওর উপর। এই সময় কেউ যদি বিনিয়োগ চালিয়ে যান কী হয়? মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলছেন, “বিনিয়োগের ভ্যালু যদি কমানো যায় তাহলে যখন রিটার্ন পাবে, গড় বিনিয়োগের ভ্যালু কম হওয়ায় রিটার্ন অনেক বেশি আসবে। মার্কেট পড়ে গেলে টাকা তুলে নেওয়া একদম ভুল কথা।”
তাহলে বাজার পড়লে বিনিয়োগকারীদের কী করণীয়? বিশেষজ্ঞ সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলছেন, “যাঁরা মিউচুয়াল ফান্ডে SIP করেন, তাঁদের মার্কেট পড়ছে কি বাড়ছে, চিন্তা করাই উচিত নয়। তাদের একটাই চিন্তা করা উচিত। বাজার পড়লে আরও ভাল। SIP-টা জোরদার হবে।”
যদি বিনিয়োগকারীর কোনও অর্থনৈতিক সঙ্কট তৈরি না হয়, তাহলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কখনওই বন্ধ করা উচিত নয়। অভিনেতা ও মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলছেন, “বাজার পড়লে একটা স্টেপআপও করা যেতে পারে। আমি বিনিয়োগ করছি ৫ হাজার টাকা করে। বাজার পড়লে সেই পরিমাণ আরও ১০ শতাংশ বাড়িয়ে দিলাম। এটা করা প্রয়োজন। কিন্তু সেটা মানুষ ভুল করে। বন্ধ করে দেয়, তুলে নেয়। এইগুলো সম্পূর্ণ ভুল। এমন ভুল করা থেকে দূরে থাকা উচিত।”
বিশেষজ্ঞের মতামত একান্তই তাঁর ব্যক্তিগত। তা ABP আনন্দ বা ABPLive.com-এর বক্তব্য নয়। ABP আনন্দ বা ABPLive.com কখনও কাউকে বিনিয়োগের পরামর্শ দেয় না। এই প্রতিবেদন শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে। শেয়ার বাজারে বিনিয়োগে ঝুঁকি রয়েছে, বিনিয়োগের আগে কোনও বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করুন।