Last Updated:
শনিবার ২৫ বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন শপথগ্রহণ হয়েছে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপির সরকারের। মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন শুভেন্দু অধিকারী। আর এরপরেই মুখ্যমন্ত্রীর দফতরের ১৬ জন আধিকারিক-কে বদলি করা হল। রাজ্য সরকারের পক্ষ থেকে এমনই নির্দেশ জারি করা হয়েছে।
কলকাতা: শনিবার ২৫ বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন শপথগ্রহণ হয়েছে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপির সরকারের। মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন শুভেন্দু অধিকারী। আর এরপরেই মুখ্যমন্ত্রীর দফতরের ১৬ জন আধিকারিক-কে বদলি করা হল। রাজ্য সরকারের পক্ষ থেকে এমনই নির্দেশ জারি করা হয়েছে।
প্রসঙ্গত, নির্বাচন ঘোষণার পরে এবং তারপরে বেশ কয়েক দফায় সরকারি আমলা থেকে পুলিশের বিভিন্ন আধিকারিকদের বদলি করা হয়েছিল। মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু আসীন হওয়ার পর ১৬ আধিকারিকের বদলির খবর সামনে এল।
অন্যদিকে, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হল সুব্রত গুপ্তকে। এর আগে রাজ্য নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক ছিলেন সুব্রত গুপ্ত। বিধানসভা ভোটে দায়িত্ব সামলান তিনি। এবার বড় দায়িত্ব পেলেন সুব্রত গুপ্ত। মহাকরণ সূত্রে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শনিবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম প্রতিক্রিয়া দিতেও গিয়েও দায়িত্বশীল মন্তব্য করেন শুভেন্দু অধিকারী৷ জানিয়ে নিলেন, তিনি সবার মুখ্যমন্ত্রী৷ রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজ্যের উন্নতিতে মন দেওয়ার কথাও শোনা গিয়েছে নতুন মুখ্যমন্ত্রীর মুখে।
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরই প্রথমে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরুকে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী৷ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেই সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দু বলেন, আমি কোনও বিতর্কিত কথা বলব না৷ আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সবার৷ আমি চাই শুভবুদ্ধির উদয় হোক৷ আমি শুধু বলব, যাঁরা এখনও সমালোচনা করছেন তাঁদের চৈতন্য হোক৷ বাংলার অনেক ক্ষতি হয়ে গিয়েছে৷ শিক্ষার মান হারিয়ে গিয়েছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গিয়েছে৷
শুভেন্দুর সঙ্গেই শপথবাক্য পাঠ করেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়া। যদিও মন্ত্রীদের এখনও দফতর বণ্টন হয়নি। মন্ত্রিসভায় মহিলা প্রতিনিধি হিসাবে রয়েছেন অগ্নিমিত্রা পাল, উত্তরবঙ্গের প্রতিনিধি হিসাবে শপথ নিলেন নিশীথ প্রামাণিক। আদিবাসী মুখ হিসাবে এই অনুষ্ঠানে ছিলেন ক্ষুদিরাম টুডু, মতুয়াদের প্রতিনিধি ছিলেন অশোক কীর্তনিয়া। ক্ষুদিরাম টুডু ছাড়া মন্ত্রিসভার সব সদস্যই বাংলা ভাষায় শপথ নেন, শুধু ক্ষুদিরাম টুডুই শপথ নেন সাঁওতাল ভাষায়।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
