Last Updated:
সরকারি পতাকা ব্যবহারে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের IAS দের গাড়িতে ব্যবহারের ক্ষেত্রে। সরকারি গাড়িতে পদমর্যাদা ও দায়িত্ব অনুযায়ী পৃথক সরকারি পতাকা ব্যবহার করতে হবে।
কলকাতা: রাজ্যের IAS দের গাড়িতে সরকারি পতাকা ব্যবহারে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের IAS দের সরকারি গাড়িতে পদমর্যাদা ও দায়িত্ব অনুযায়ী পৃথক সরকারি পতাকা ব্যবহারের অনুমোদন দিল রাজ্য সরকার।
মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব, সচিব, কমিশনার ও জেলাশাসকদের জন্য আলাদা নকশা ও আকারের পতাকা নির্ধারণ করা হল। শুধুমাত্র সরকারি কাজে ব্যবহারের সময়ই গাড়িতে এই পতাকা লাগানো যাবে বলেও নির্দেশিকা দেওয়া হয়েছে।
ব্যক্তিগত কাজে বা সরকারি দায়িত্বে না থাকলে পতাকা খুলে ফেলতে হবে বলেও ওই নির্দেশিকা জানানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন সময়ে অভিযোগ ওঠে ট্র্যাফিক আইন ভাঙার পরেও আমলারা ছাড় পেয়ে যাচ্ছেন। এই নির্দেশিকায় জানানো হয়েছে, ট্রাফিক আইন ভাঙলে পতাকা দেখিয়ে কোনও বিশেষ ছাড় মিলবে না, স্পষ্ট জানিয়েছে নবান্ন। পরিবহণ দফতর নির্ধারিত মান অনুযায়ী পতাকা ও ফ্ল্যাগ-স্টাফ সরবরাহ করবে বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, পুলিশের জন্যও কড়া নির্দেশিকা জারি করা হয়েছিল আগে। কলকাতা পুলিশের কমিশনার ১৩ জুন ২০২৬ তারিখে ২৯৪ নম্বর নির্দেশ জারি করেছেন, যা ২৪ মে ২০২৬-এর ২৬৫ নম্বর পূর্ববর্তী নির্দেশের ধারাবাহিকতা।
ওই নির্দেশিকায় বলা হয়ে ট্রাফিক বিভাগ-সহ কলকাতা পুলিশের সকল কর্মীকে সরকারি দায়িত্ব পালনের সময় নির্ধারিত ইউনিফর্ম পরিচ্ছন্ন, পরিপাটি ও উপস্থাপনযোগ্য অবস্থায় পরিধান করতে হবে। সেই সঙ্গে কর্মীদের ইউনিফর্মের সঙ্গে সাধারণ কালো চামড়ার জুতো (অক্সফোর্ড, ডার্বি বা অ্যামুনিশন ধরনের, পুলিশ রেগুলেশনস অব ক্যালকাটা, ১৯৬৮ অনুযায়ী) পরতে হবে। কর্তব্যরত অবস্থায় অফিসারদের নামফলক, কলকাতা পুলিশের প্রতীক চিহ্ন এবং অন্যান্য অনুমোদিত ব্যাজ ও আনুষঙ্গিক চিহ্ন যথাযথভাবে প্রদর্শন করতে হবে। সেই সঙ্গে সকল কর্মীকে ডিউটির সময় সরকারি পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। সংশ্লিষ্ট সকল অফিসারকে এই নির্দেশ কঠোরভাবে পালন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jun 30, 2026 11:55 PM IST
