৪১ বছর বয়সি আহসান বেসরকারি টেলিভিশন চ্যানেল 92 News-এর সঙ্গে যুক্ত ছিলেন। সেখানে তিনি সংবাদ সঞ্চালক ও অনুষ্ঠান উপস্থাপক হিসেবে কাজ করতেন। প্রবীণ সাংবাদিক আমির মতিন ও রউফ ক্লাসরার সঙ্গে একটি সাম্প্রতিক ঘটনাবলি-ভিত্তিক অনুষ্ঠানও যৌথভাবে সঞ্চালনা করতেন তিনি।
পাকিস্তানের সংবাদপত্র ‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, রাওয়ালপিন্ডির গুলশানাবাদ এলাকায় নিজের বাড়ি থেকে আহসানের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার কথা জানাজানি হওয়ার পর তাঁর স্বামী আহসান তাহির খানকে হেফাজতে নেয় পুলিশ। তাঁর মৃত্যুর পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় খান তদন্তকারীদের জানিয়েছেন বলে খবর, পিস্তলটি নিয়ে নাড়াচাড়া করার সময় দুর্ঘটনাবশত গুলি চলে যায় এবং সেটিতে যে গুলি ভরা ছিল, তা তিনি জানতেন না। ওই বাড়ির এক পুরুষ পরিচারকও পুলিশকে জানিয়েছেন, খান তাঁকে বলেছিলেন যে ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে। ‘ডন’-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তবে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ‘সামা’-র দাবি, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় স্ত্রীকে খুন করার কথা স্বীকার করেছেন খান।
সিটি পুলিশ অফিসার হাসান মুশতাক সোখেরা-সহ পুলিশের পদস্থ আধিকারিকরা ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে ঘটনাস্থলে যান। পঞ্জাব ফরেন্সিক সায়েন্স এজেন্সির দল ঘটনাস্থল থেকে নমুনা ও প্রমাণ সংগ্রহ করে। অন্যদিকে, ময়নাতদন্তের জন্য আহসানের দেহ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে।
নিরপেক্ষ তদন্তের দাবি পাকিস্তানের ফার্স্ট লেডির:
আহসানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি। এই হত্যাকাণ্ডের নিন্দা করে ঘটনার সত্যতা উদ্ঘাটন এবং দোষীদের জবাবদিহি নিশ্চিত করতে পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
প্রেসিডেন্সির তরফে জারি করা এক বিবৃতিতে ভুট্টো-জারদারি একই মহানগর এলাকায় আরও এক পেশাদার মহিলার হত্যার ঘটনাকে একটি ‘উদ্বেগজনক ধারাবাহিকতা’ বলে উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করেছেন।
তিনি হিনা জাভেদের মৃত্যুর ঘটনাটির কথাও উল্লেখ করেন। ৪৫ বছর বয়সি ডিজিটাল মিডিয়া এগজিকিউটিভ হিনা জাভেদকে গত অগাস্টে রাওয়ালপিন্ডিতে তাঁর বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। তাঁর শরীরে নির্যাতনের চিহ্ন ছিল। ভুট্টো-জারদারি বলেন, জাভেদের মৃত্যুর তদন্তের ফলাফল এখনও জানা যায়নি।
কে ছিলেন রাবিয়া আহসান?
পাকিস্তানের টেলিভিশন সংবাদ জগতে পরিচিত মুখ ছিলেন আহসান। ৯২ নিউজে সংবাদ সঞ্চালক ও অনুষ্ঠান উপস্থাপক হিসেবে কাজ করতেন তিনি। তাঁর ১৩ ও ১১ বছর বয়সি দুই মেয়েও রয়েছে।
রাবিয়ার মৃত্যুতে পাকিস্তানের সাংবাদিক মহল এবং বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মহিলারা যাতে নিজেদের নিরাপত্তা নিয়ে কোনও ভয় ছাড়াই জীবনযাপন করতে এবং কাজ করতে পারেন, তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন ভুট্টো-জারদারি।