Last Updated:
লন্ডনের রাস্তায় ভারতীয় বংশোদ্ভুত ২৬ বছরের যুবকের উপর ছুরি নিয়ে হামলা৷ হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা করা যায়নি৷
লন্ডন: লন্ডনের রাস্তায় ভারতীয় বংশোদ্ভুত যুবককে ছুরিকাঘাত৷ জানা গিয়েছে, ২৬ বছরের ওই যুবকের নাম গুরভেজ সিং। গভীরভাবে আহত গুরভেজকে হাসপাতালে নিয়ে গেলেও শেষমেশ তাকে বাঁচানো যায়নি৷ শনিবার মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এমনটাই জানান হয়েছে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নর্থ রোড ও ডর্মার্স ওয়েলস লেনের সংযোগস্থলের কাছে গুরভেজ সিংকে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থল থেকে আরও এক আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়, যাঁর বয়স ৩০-এর কোঠায় বলে মনে করা হচ্ছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার লন্ডন অ্যাম্বুল্যান্স সার্ভিস থেকে ছুরিকাঘাতের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ ও চিকিৎসাকর্মীরা সেখানে গিয়ে দুই আহত ব্যক্তিকে উদ্ধার করেন। গুরভেজ সিং গুরুতর ছুরির আঘাত পেয়েছিলেন। চিকিৎসকদের সমস্ত চেষ্টা সত্ত্বেও ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। তাঁর পরিবারের পাশে রয়েছেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা। পুলিশের দাবি, বুধবার রাত প্রায় ১২টা ৩০ মিনিট নাগাদ নর্থ রোড ও ডর্মার্স ওয়েলস লেনের মোড়ের একটি দোকানের বাইরে গুরভেজের উপর হামলা চালানো হয়।
ঘটনার পর হত্যার অভিযোগে ২০ থেকে ৩০ বছর বয়সি সাতজনকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। তবে পরবর্তী তদন্তে ছয়জনকে কোনও পদক্ষেপ ছাড়াই মুক্তি দেওয়া হয়েছে। বাকি একজনকে জামিন দেওয়া হয়েছে এবং তাঁকে পরবর্তী সময়ে আবার হাজিরা দিতে হবে।
তদন্তকারীরা জানিয়েছেন, মধ্যরাতের কিছু পরেই দোকানের বাইরে গুরভেজের উপর হামলা হয়েছিল বলে তাঁদের বিশ্বাস। ঘটনার তদন্তে সহায়তার জন্য প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ থাকা ব্যক্তিদের এগিয়ে আসার আবেদন জানিয়েছে পুলিশ।
মেট পুলিশের স্পেশালিস্ট ক্রাইম কমান্ডের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর অ্যালিসন ফক্সওয়েল এক বিবৃতিতে বলেন, “গুরভেজ সিংয়ের মর্মান্তিক মৃত্যুর তদন্ত এখনও চলছে। আমার সমবেদনা তাঁর পরিবার ও প্রিয়জনদের সঙ্গে রয়েছে।”
তিনি আরও বলেন, “আমাদের বিশ্বাস, রাত সাড়ে ১২টা নাগাদ নর্থ রোড ও ডর্মার্স ওয়েলস লেনের সংযোগস্থলের একটি দোকানের বাইরে তাঁর উপর হামলা হয়। ওই এলাকায় সিসিটিভি ফুটেজ রয়েছে এমন কেউ বা ঘটনাস্থলে উপস্থিত থেকেও এখনও পুলিশের সঙ্গে কথা বলেননি এমন কেউ থাকলে, তাঁদের সামনে এসে তথ্য দেওয়ার অনুরোধ করছি।”
ঘটনার পর গুরভেজ সিংয়ের মরদেহ ভারতে ফিরিয়ে আনা, প্রয়োজনীয় নথিপত্র, পরিবহণ, শেষকৃত্য এবং অন্যান্য খরচ মেটাতে একটি তহবিল সংগ্রহ অভিযান শুরু হয়েছে এখনও পর্যন্ত ৭৩৭ জনের অনুদানে ১১,১১৪ ইউরো সংগ্রহ হয়েছে। লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ১৬,০০০ ইউরো।
Kolkata,West Bengal
