Last Updated:
Viral Video: ‘দড়ি বাঁধা হয়নি’ বলে চিৎকার দর্শকদের, ততক্ষণে খাদে তলিয়ে গেল ২১ বছরের তরুণী। বানজি জাম্পিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু। ভাইরাল ঘটনার ভিডিও …
সাও পাওলো: বানজি জাম্পিংয়ের মতো রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার খেলায় অংশ নিতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর শিকার হলেন ২১ বছরের এক তরুণী। অভিযোগ, নিরাপত্তার দড়ি না বেঁধেই তাঁকে ব্রিজ থেকে ধাক্কা দেওয়া হয়, যার ফলে প্রায় ১৩০ ফুট গভীর খাদে পড়ে মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছে ব্রাজিলের সাও পাওলো রাজ্যের লাইমেইরা এলাকায় অবস্থিত ‘স্কেলিটন ব্রিজ’-এ। মৃত তরুণীর নাম মারিয়া এদুয়ার্দা রদ্রিগেস দে ফ্রেইতাস। ঘটনার জেরে আয়োজক সংস্থার সঙ্গে যুক্ত মোট ছয়জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন মহিলা রয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি মারিয়াকে বানজি জাম্পিংয়ের প্ল্যাটফর্মে নিয়ে যান। এরপর তাঁকে ব্রিজের ধারে নিয়ে গিয়ে ধাক্কা দেওয়া হয়। সেই সময় উপস্থিত কয়েকজন চিৎকার করে জানান যে তাঁর শরীরে কোনও নিরাপত্তার দড়ি বাঁধা নেই। মুহূর্তের মধ্যেই তিনি প্রায় ৪০ মিটার গভীর খাদে পড়ে যান। ঘটনাস্থলেই পৌঁছে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
A 21-year-old woman died during a 40-meter rope jump in Limeira, Brazil, after organizers forgot to attach the safety rope.pic.twitter.com/ECloIDRf2j
— Clash Report (@clashreport) June 13, 2026
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রত্যক্ষদর্শীরা সামরিক পুলিশকে জানিয়েছেন যে কর্মীরা সম্ভবত ভুলবশত মারিয়ার শরীরে নিরাপত্তা দড়ি বাঁধতে ভুলে গিয়েছিলেন। সেই অবস্থাতেই তাঁকে নিচে নামিয়ে দেওয়া হয়। ঘটনার আগে মারিয়া নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অনুষ্ঠানস্থলের একাধিক ছবি পোস্ট করেছিলেন। সেখানে ব্রিজ, ব্যবহৃত সরঞ্জাম, অন্যান্য অংশগ্রহণকারী এবং বানজি জাম্পিংয়ের আয়োজনকারী সংস্থা ‘Entre Cordas’-এর ব্যানারও দেখা গিয়েছিল বলে জানা গিয়েছে।
একটি পোস্টে মারিয়া মজার ছলে লিখেছিলেন, ”কে সেই পাগল মানুষ, যে আমাকে ব্রিজ থেকে ঝাঁপ দিতে দিল?” ঘটনার সময় তাঁর বাগদত্তও সেখানে উপস্থিত ছিলেন। তরুণীর মৃত্যুর খবর শোনার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মারিয়া পড়ে যাওয়ার পর আয়োজকদের কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ হেলিকপ্টারের সাহায্যে ব্রিজ সংলগ্ন বনাঞ্চলে তল্লাশি চালিয়ে পালিয়ে যাওয়া দু’জনকে খুঁজে বের করে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আটক ছয়জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে কি না, তা তদন্তের অগ্রগতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
Kolkata,West Bengal
Jun 14, 2026 10:28 AM IST
