- নতুন সিনেমা ‘কিংগ’-এর শুটিংয়ে ব্যস্ত শাহরুখ, আইপিএল এড়িয়ে যান।
- অভিনেতা-অভিনেত্রীদের লুক ফাঁস হওয়া নিয়ে নির্মাতারা কঠোর পদক্ষেপ নিয়েছেন।
- সেটে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ, গোপনীয়তা রক্ষায় এই উদ্যোগ।
- AI-এর অপব্যবহার রুখতে এবং ছবির প্লট সুরক্ষিত রাখতে এই ব্যবস্থা।
কলকাতা: আইপিএল (IPL) চলাকালীন, সাধারণত কোনও বড় শ্যুটিং রাখেন না শাহরুখ খান (Shah Rukh Khan)। হামেশাই দলকে চাঙ্গা করতে তাঁকে মাঠে দেখা যায়। তবে এবার, আইপিএলের বেশিরভাগ সময়টাই দূরে রইলেন শাহরুখ। জোরকদমে চলছে তাঁর নতুন সিনেমা ‘কিংগ’ (King)-এর শ্যুটিং। আপাতত মুম্বইতেই শাহরুখের নতুন সিনেমার শ্যুটিং চলছে। তবে এই সিনেমার শ্যুটিং শুরুর পর থেকেই বারে বারে বিপত্তি। লুক নিয়ে চমকে দেওয়ার ইচ্ছা তো সমস্ত অভিনেতা অভিনেত্রীরই থাকে। আর তিনি শাহরুখ খান, নতুন ছবির লুক নিয়ে দর্শকদের চমকে দেওয়ার প্রত্যাশাই করছিলেন তিনি। তবে এই সিনেমার শ্যুটিংয়ের শুরু থেকেই বারে বারে প্রকাশ্যে চলে আসছে তাঁর লুক। সেই কারণেই এবার কড়া পদক্ষেপ নিলেন নির্মাতারা।
বার বার প্রকাশ্যে লুক, এবার সতর্ক নির্মাতারা
বর্তমানে AI-এর যুগ। ফলে শাহরুখের মুখ ব্যবহার করে, তাঁর বিভিন্ন কাল্পনিক লুকের ছবি ব্যবহার করে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। বাদ যাচ্ছেন না অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও। তিনি এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। তাঁর ছবি ব্যবহার করেও বিভিন্ন লুক ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেই কারণে এবার লুক নিয়ে, ছবির অভিনেতা অভিনেত্রীদের নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন নির্মাতারা। যে এলাকায় শ্যুটিং হচ্ছে, সেখানে সাধারণ মানুষের যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে
মুম্বইয়ের অধিকাংশ এলাকাই যথেষ্ট জনবহুল, তারমধ্যেই শ্যুটিং চলে। তবে এবার অভিনেতা অভিনেত্রীদের নিরাপত্তা আর গোপনীয়তার বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন, পরিচালক সিদ্ধার্থ আনন্দ। শ্যুটিং চলাকালীন, সেই এলাকা দিয়ে তিনি সাধারণ মানুষের যাতায়াত নিয়ন্ত্রিত করেছেন। যেহেতু মুম্বইয়ের মতো জনবহুল এলাকায় মোবাইল ব্যবহারের ওপর কড়াকড়ি করা সম্ভব নয়, সেই কারণে শ্যুটিং চলাকালীন সাধারণ মানুষদের সেখানে যেতে দেওয়া হচ্ছে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রায় ১৫ মিনিটের একটি ক্লিপিংস ছড়িয়ে পড়ে ‘কিংগ’ সিনেমার সেট থেকে। পরে অবশ্য দাবি করা হয় যে, ওই ক্লিপিংটি AI দিয়ে তৈরি করা। তবে যাতে ছবির গল্প বা অভিনেতা অভিনেত্রীদের লুক প্রকাশ্যে আসে, সেই কারণেই নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক।