নয়াদিল্লি: ‘ককরোচ জনতা পার্টি’র প্রধান অভিজিৎ ডিপকের বাবার বিরুদ্ধে এবার তদন্তের দাবি উঠল। মহারাষ্ট্রের অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হয়ে কী ভাবে ছেলেকে তিনি বিদেশে পড়াশোনা করালেন, তা তদন্ত করে দেখার দাবি উঠল। গুজরাতের সুরতের এক বাসিন্দা এই দাবি তুলেছেন। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানিয়েছেন তিনি। (Abhijeet Dipke)
গুজরাতের সুরতের বাসিন্দা অমিত তিওয়ারি নিজের পরিচয় দিয়েছেন RTI কর্মী হিসেবে। অভিজিতের বাবা ভগবানরাও দীপকের সঙ্গতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর প্রশ্ন, মহারাষ্ট্র সরকারের কর্মী ছিলেন ভগবান রাও। বেতন পেতেন ৬০-৬৫ হাজার। ওই সামান্য আয়ে ছেলেকে উচ্চশিক্ষার জন্য বিদেশ পাঠালেন কী করে ভগবানরাও, প্রশ্ন তুলেছেন অমিত। (Cockroach Janta Party)
শুধু তাই নয়, মামলায় জর্জরিত CJP আন্দোলনকারীদের জন্য আইনি সহায়তা বাবদ ‘ককরোচ জনতা পার্টি’কে এ ১ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছেন বর্ষীয়ান আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল , তা নিয়েও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন অমিত। রাজনৈতিক দলের নামে সংগঠন চালানো ‘ককরোচ জনতা পার্টি’ ওই অনুদান পেতে পারে কি না, প্রশ্ন তুলেছেন তিনি।
সংবাদমাধ্যমে অমিত বলেন, “ককরোচ জনতা পার্টি নথিভুক্ত কোনও সংস্থা নয়। তার পরও রাজনৈতিক দলের মতো কাজকর্ম চালিয়ে যাচ্ছে। আইনি সহায়তা বাবদ তাদের ১ কোটির অনুদান দেওয়ার ঘোষণা হয়েছে। তাই বিষয়টি খতিয়ে দেখা উচিত নির্বাচন কমিশনের। ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনেক ২৯-এ ধারায় তদন্ত হওয়া উচিত। নথিভুক্তিকরণ না হয়ে থাকলে রাজনৈতিক দলের নাম নিয়ে কাজকর্ম চালিয়ে যাওয়া এবং অনুদান গ্রহণ নিয়ে তদন্ত দরকার।”
আরও পড়ুন: ক্রকস ছাড়া চলে না? পায়ের ক্ষতি করছেন, নিজেরও, শিশুরও, সতর্ক করলেন চিকিৎসকরা
সিব্বল যে ১ কোটি টাকার অনুদান ঘোষণা করেছেন, তাতে GST কার্যকর হবে কি না, তাও খতিয়ে দেখা উচিত বলে সেন্ট্রাল বোর্ড অফ ইনডায়রেক্ট ট্যাক্সের অ্যান্ড কাস্টমসকে চিঠি দিয়েছেন অমিত।
NEET আন্দোলনের সমালোচনাও করেন অমিত। তাঁর দাবি, প্রথম দিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পড়ুয়াদের হয়ে সরব হওয়ার কথা ছিল ‘ককরোচ জনতা পার্টি’র। কিন্তু সেই লক্ষ্য থেকে সরে এসে পরবর্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর পরিবারকে আক্রমণ করা হয়, অপমানজনক মন্তব্য করা হয়। অন্য রাষ্ট্রনেতাদের সঙ্গে মোদির সম্পর্ক নিয়ে কটাক্ষ উড়ে আসে। সংশ্লিষ্ট সংস্থাকে তদন্ত করতে আর্জি জানিয়েছেন তিনি।