Last Updated:
সূর্যপুর অশান্তি মামলায় গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলিকে ফের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে ৬ দিনের পুলিশ হেফাজত চাইলেও আদালত আরও ৩ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে। উস্কানি, ভাঙচুর ও অবরোধের ঘটনায় তাঁর ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ।
বারুইপুর: সূর্যপুর অশান্তি মামলায় গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলিকে মঙ্গলবার ফের বারুইপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। আট দিনের পুলিশ হেফাজত শেষ হওয়ার পর তদন্তের স্বার্থে আরও ছয় দিনের হেফাজতের আবেদন জানানো হয়।
উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত পুলিশের আবেদন আংশিক মঞ্জুর করে লাহেক আলিকে আরও তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সূর্যপুরে ভাঙচুর, অবরোধ এবং অশান্তির ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তদের ভূমিকা ও ঘটনার নেপথ্য সম্পর্কে আরও তথ্য সংগ্রহের জন্যই অতিরিক্ত হেফাজতের আবেদন করা হয়েছিল।
বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে সূর্যপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সময় পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশকর্মীদের উপর হামলা এবং গণপিটুনিতে টোটোচালক ইন্দ্রজিৎ-এর মৃত্যুর ঘটনা ঘটে।
এই ঘটনায় জনতাকে উস্কানি দেওয়ার অভিযোগে আগেই লাহেক আলির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। পরবর্তীতে তাঁকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। তদন্তকারীদের দাবি, এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার ঘটনায় তাঁর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, লাহেক আলি সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বারুইপুর পশ্চিম কেন্দ্র থেকে বামফ্রন্টের প্রার্থী ছিলেন। সূর্যপুর অশান্তি মামলায় এই প্রথম কোনও রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jul 21, 2026 11:00 PM IST
