Last Updated:
Jaya Bachchan Meets Mamata: কিরণময় ননদের মন্তব্যের পর আচমকা কেন মমতা সাক্ষাতে সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ তথা অমিতাভ ঘরণী? জয়ার কালীঘাট আসা নিয়ে জোর জল্পনা রাজ্য রাজনীতিতে।
কলকাতা: বৃহস্পতিবার মমতার সঙ্গে দেখা করতে তাঁর কালীঘাটের বাড়িতে আসেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সদস্য জয়া বচ্চন। বৃহস্পতিবার বিকেলে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের সঙ্গে একই গাড়িতে কালীঘাটে যান সাংসদ। তাঁকে বাড়িতে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ছাব্বিশের ভোটে তৃণমূলের ভরাডুবির পরও হার মানতে নারাজ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে তিনি ভোট চুরির অভিযোগ তুলেছিলেন। এনিয়ে আদালতে মামলাও চলছে। মমতার এই অভিযোগকে সমর্থন করেছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবও।
রাজ্যের বিধানসভা ভোটের ফলপ্রকাশের কয়েকদিন পর কলকাতায় এসে কালীঘাটের বাড়িতে গিয়ে সমবেদনা প্রকাশ করেছিলেন অখিলেশ যাদব। তার কিছুদিন পর অবশ্য সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতা কিরণময় নন্দ মমতার সমালোচনাই করেছিলেন। তাঁর মতে, ”মানুষ মমতাকে চায়নি, তাই তিনি হেরেছেন।”

এমন অবস্থায় আচমকা সপা সাংসদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিন ডেরেক ও ব্রায়ানের গাড়িতেই কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসেন জয়া বচ্চন। প্রায় এক ঘণ্টার বেশি সময় ছিলেন তিনি। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জয়া বচ্চনের দীর্ঘ দিনের সম্পর্ক। এদিন দীর্ঘ সময় তাদের মধ্যে কথা হয়। সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতি নিয়েও কথা হয় দুই নেত্রীর মধ্যে।
এদিকে আচমকা কালীঘাটে এসে মমতার সঙ্গে জয়ার দেখা করা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে। তৃণমূলের অন্দরে চলা বর্তমান কোন্দলকে কটাক্ষ করে বিজেপি নেত্রী তথা এ রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল এক হাত নিয়েছেন শাসক দলকে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, “যে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসতেই পারেন, এটা তাঁদের গণতান্ত্রিক অধিকার এবং এর সঙ্গে বাকস্বাধীনতা বা চলাফেরার স্বাধীনতার সম্পর্ক রয়েছে।”
তবে একইসঙ্গে তীব্র কটাক্ষ করে আদৌ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কোনও অস্তিত্ব আছে কি না, তা নিয়েই প্রশ্ন তোলেন মন্ত্রী। অগ্নিমিত্রা পালের কথায়, “তৃণমূল এখন অজস্র টুকরোয় ভেঙে গিয়েছে এবং রাজ্য বা দিল্লিতে তাদের কতগুলো দল উপদল তৈরি হয়েছে, তা গোনাও অসম্ভব।”
Kolkata,West Bengal
