Last Updated:
Iran moves to block Bab El-Mandeb Strait: হরমুজ প্রণালী ‘পুরোপুরি’ বন্ধ করে দেওয়ার ঘোষণা এর আগে করেছে তেহরান। এবার হরমুজের পরে আরও একটি প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। বাব এল-মান্দেব প্রণালী (Bab el-Mandeb Strait)-ও বন্ধ করে দেওয়া হবে হুঁশিয়ারি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস ।
তেহরান: ইরান ও আমেরিকার উত্তেজনা আবার এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথকে ঘিরে নতুন দিকে মোড় নিল। ইতিমধ্যেই হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তা কাটেনি। তার মধ্যেই এবার বাব এল-মান্দেব প্রণালী নিয়েও কড়া হুঁশিয়ারি দিল ইরান। ফলে বিশ্বের জ্বালানি ও সমুদ্র পথে বাণিজ্য নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। ইরানের সামরিক বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি জানিয়েছেন, গাজা ও লেবাননে ইজরায়েলি সামরিক অভিযান বন্ধ না হলে এই গুরুত্বপূর্ণ জলপথেও কঠোর পদক্ষেপ করা হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এই ঝুঁকির মুখে আছেন যে, ইরান যদি মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়িয়ে দেয়, তাহলে বাব-এল মান্দেব প্রণালী বন্ধ করে দিতে পারে। এই পরিস্থিতিতে, তেলের সরবরাহ এমনিতেই যেভাবে ব্যাহত হয়েছে, তা আরও কমে যাবে।
বাব এল মান্দেব তেলের বাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ‘রিলিফ ভাল্ভ’ হিসেবে কাজ করেছে এই সময় ৷ কারণ হরমুজ প্রণালী দিয়ে আমদানি-রফতানি এই পশ্চিম এশিয়ার অশান্তির জন্য অনেকটাই কমে গিয়েছে।
বাব আল-মান্দেব প্রণালী হল লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগকারী একটি সংকীর্ণ জলপথ। এর এক পাশে ইয়েমেন, অন্য পাশে জিবুতি ও ইরিট্রিয়ার মতো কয়েকটি দেশ রয়েছে। এই প্রণালীটি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, প্রতিদিন প্রায় ৮৮ লক্ষ ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবহণ হয়। বিশ্বের প্রায় ১০ থেকে ১২ শতাংশ সমুদ্রপথে বাণিজ্য এই রুট ব্যবহার করে। ইউরোপ–এশিয়া বাণিজ্যের অন্যতম প্রধান করিডর এটি। এর ফলে এই পথ বন্ধ হলে জাহাজগুলোকে আফ্রিকার ‘কেপ অফ গুড হোপ’ ঘুরে যেতে হবে। ফলে সময় ও খরচ দুটোই অনেক বেড়ে যাবে।
এর পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তা উড়িয়ে দিল তেহরান। মোজতবার সামরিক পরামর্শদাতা মহসেন রেজায়েই জানিয়ে দিলেন, তেমন কোনও সম্ভাবনা অদূর ভবিষ্যতে নেই। বরং, শান্তিচুক্তি চূড়ান্ত করতে হলে আমেরিকাকে একটি ‘পরীক্ষা’ দিতে হবে বলে দাবি করেছেন তিনি। সেই পরীক্ষা পাশের শর্ত কী, তা-ও জানিয়ে দিয়েছেন।
Kolkata,West Bengal
