Last Updated:
৩১ জুলাই গুজরাট ও মহারাষ্ট্রে অতি ভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করেছে IMD। দিল্লি-এনসিআর, মধ্যপ্রদেশ, রাজস্থান, হিমাচল ও উত্তরাখণ্ড-সহ একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
প্রকৃতির রুদ্ররূপ আরও তীব্র হতে পারে ৩১ জুলাই। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) দেশের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। বিশেষ করে গুজরাট ও মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় রেড অ্যালার্ট জারি হয়েছে। ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে প্রবল বর্ষণ, বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গুজরাটের আহমেদাবাদ, সুরাট, আনন্দ, ভাদোদরা, ভরুচ, নওসারি, ভালসাড ও রাজকোট এবং মহারাষ্ট্রের মুম্বই, পুণে, সাতারা, পালঘর, চন্দ্রপুর ও গোন্দিয়া জেলায় শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর জেরে জলমগ্ন হতে পারে নিচু এলাকা, ব্যাহত হতে পারে স্বাভাবিক জনজীবন। এছাড়াও মধ্যপ্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। প্রবল বর্ষণের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস, আকস্মিক বন্যা এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
নয়াদিল্লি: সারাদিন মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
নয়ডা: দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে, ফলে তাপমাত্রা কিছুটা কমবে।
গুরুগ্রাম: ভারী বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা। বিভিন্ন রাস্তায় জল জমে যানজট তৈরি হতে পারে।
গাজিয়াবাদ: দিনভর মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। নিচু এলাকায় জল জমতে পারে।
আবহাওয়া দফতর সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। বিশেষ করে ভারী বৃষ্টিপ্রবণ ও পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষদের অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। জলমগ্ন রাস্তা, নদী-নালা এবং ভূমিধসপ্রবণ এলাকা এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
