Last Updated:
Ritabrata Banerjee: ‘আবার বলছি, প্রয়োজন হলে ফ্লোর টেস্ট করা হোক’, বিরোধী দলনেতা ঋতব্রতর পাল্টা চ্যালেঞ্জ। বিরোধী দলনেতার ‘আসন’ নিয়ে কুণালকে বেনজির আক্রমণ।
কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভার বাজেট অধিবেশনের আগেই শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা দাবি করে করা মামলা খারিজ করে আদালত জানিয়ে দেয় বিরোধী দলনেতা ঋতব্রত ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের করা মামলা কার্যত গুরুত্বই পাইনি আদালতে ৷ বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচনে কোনও হস্তক্ষেপ নয় ৷ বৃহস্পতিবার এমনটাই অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷
“প্রয়োজন হলে ফ্লোর টেস্ট করা হোক”
এই প্রসঙ্গে এদিন ঋতব্রত পাল্টা চ্যালেঞ্জ করে আরও স্পষ্ট বার্তা দিয়ে জানান, “হাইকোর্ট আজ নির্দেশ দিয়েছেন। দুই তৃতীয়াংশ সদস্য আমাদের দিকে আছেন। এর পরে আবার বলছি, প্রয়োজন হলে ফ্লোর টেস্ট করা হোক। জ্যোতি বসু এই বিধানসভার বিরোধী দলনেতা প্রথম। এর পর অনেক দিকপাল হয়েছেন। আমি বড় চটিতে পা গলিয়েছি।”
” কুণাল ঘোষ চার বেলা চার রকম কথা বলেন”
একইসঙ্গে কুণাল ঘোষের তোলা বিরোধী দলনেতার আসন প্রসঙ্গে ঋতব্রতর কুণালকে খোঁচা, “আমাকে যে আসনে বসতে বলা হয়েছে আমি সেখানেই বসেছি। সূর্যকান্ত মিশ্র, শুভেন্দু অধিকারী, আব্দুল মান্নান,পঙ্কজ বন্দ্যোপাধ্যায় এখানে বসেছেন। কেউ যদি রাজ্যসভায় বড় অংশে জেলে থাকেন তিনি জানবেন কী করে? কুণাল ঘোষ চার বেলা চার রকম কথা বলেন। হতাশার বহিঃপ্রকাশ তাঁর। আসলে রাজ্যসভা উনি ঠিক করে করতে পারেননি। তাই এই সব বলছেন।”
“আমার আর বলার নেই কিছু…..”
একইসঙ্গে ঋতব্রতর কটাক্ষ, “গণতান্ত্রিক দেশে প্রত্যেকের প্রশ্ন তোলার অধিকার আছে। বাইট দেওয়ার আগে খোঁজ রাখুন। যাঁদের দায়িত্ব দিচ্ছেন তাঁরা তার আগেই অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। কমিটিতে নাম আছে এমন ব্যক্তি আমাদের সই করে দিয়েছেন। বাইট সর্বস্ব রাজনীতি হয় না। বিধানসভার রীতি আজ মানা হয়েছে। রাজ্যপালের বক্তব্য স্টাডি হয়েছে। ফিরহাদ হাকিম বিরোধী দলের মুখ্য সচেতকের পাশে ছিলেন। দেখে নিন আজকের আসন বিন্যাস। আমার আর বলার নেই কিছু…..”
তৃণমলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’…?
তৃণমলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করার আবেদন নিয়েও মুখ খুলেছেন ঋতব্রত। তাঁর কথায়, “এবার ফিক্সড ডিপোজিট বিষয় নয়। কাটমানি, ডাকাতি, দূর্নীতির টাকা নেই সেটা কী করে বলা যাবে?” অরূপ বিশ্বাস তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ রাখার যে দাবি করেছেন তাকে স্বাগত জানিয়ে ‘যথাযথ করা হয়েছে।” বলেই মন্তব্য ঋতব্রতর।
“সই জাল কাণ্ডে আমি অন্তর্ভুক্ত”
অন্যদিকে সই জাল মামলা প্রসঙ্গে বিরোধী দলনেতা ঋতব্রতর মন্তব্য, “সই জাল কাণ্ডে আমি অন্তর্ভুক্ত। সংসদীয় গণতন্ত্রে শক্তি অনুযায়ী সময় হয়। সরকার কাকে কতটা সময় দেবেন সেটা তাদের ব্যাপার। সংসদীয় গণতন্ত্রে সংখ্যা গুরুত্বপূর্ণ। লোকসভায় ২০ জন অন্যত্র চলে গিয়েছেন। রাজ্যসভায় তিন জন পদত্যাগ করেছেন। হাতে থাকবে পেন্সিল। জিরো বলে একটা বই দেব ওনাদের।”
Kolkata,West Bengal
