কলকাতা: কোনও মানুষের কাছে ২০ লক্ষ টাকা যদি থাকে, তাহলে একদিকে যেমন বিনিয়োগের সুযোগ বৃদ্ধি পায়। তেমনই সেই টাকা কোন জায়গায় কীভাবে বিনিয়োগ করবেন, সেটাও একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। পুরো টাকা একসঙ্গে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন নাকি ধাপে ধাপে ওই টাকা বিনিয়োগ করবেন, তার উত্তর নির্ভর করে কোনও ব্যক্তির ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপর। এ ছাড়াও বিনিয়োগের সময়সীমা, বাজারের ওঠানামা ও তা সামলানোর ক্ষমতার উপর সবটা নির্ভর করে।
আরও পড়ুন: সরকারি Provident Fund নাকি এসআইপি, মাসিক ১০ হাজার টাকা বিনিয়োগ করলে তৈরি হবে বড় তহবিল?
Lumpsum বিনিয়োগ কী?
Lumpsum-এ পুরো ২০ লক্ষ টাকা একবারে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হয়। ইক্যুইটি ফান্ড হলে প্রথম দিন থেকেই সম্পূর্ণ অর্থ বাজারের ওঠানামার সঙ্গে যুক্ত হয়ে যায়। বাজার বাড়লে পুরো তহবিল বাড়তে থাকে। আবার বিনিয়োগের পরপরই বাজার পড়লে সাময়িকভাবে বড় ক্ষতিও হতে পারে। দীর্ঘমেয়াদি লক্ষ্য এবং বেশি ঝুঁকি নেওয়ার ক্ষমতা থাকলে এই পদ্ধতি বিবেচনা করা যায়।
SIP কীভাবে কাজ করে?
SIP-এ নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট অঙ্ক বিনিয়োগ করা হয়। হাতে ২০ লক্ষ টাকা থাকলেও পুরো অর্থ একসঙ্গে না ঢেলে ৬-১২ মাসে ভাগ করে ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করা যায়। এতে ভুল সময়ে পুরো টাকা বাজারে ঢোকানোর ঝুঁকি কিছুটা কমে। তবে বাজার বিনিয়োগের সময় বাড়তে থাকলে অপেক্ষায় থাকা টাকার সম্ভাব্য লাভ হাতছাড়া হতে পারে।
STP-এর সুবিধা কোথায়?
STP বড় অঙ্কের টাকা ধাপে ধাপে ইক্যুইটিতে স্থানান্তরের একটি পদ্ধতি। প্রথমে ২০ লক্ষ টাকা কোনও উপযুক্ত Debt বা Liquid Oriented Mutual Fund-এ রেখে নির্দিষ্ট অঙ্ক নিয়মিতভাবে Equity Fund-এ ট্রান্সফার করা যায়। যেমন, মাসে ১ লক্ষ টাকা করে স্থানান্তর করলে ২০ মাসে পুরো অর্থ ইক্যুইটিতে চলে যাবে।
অর্থাৎ, Lumpsum দ্রুত পুরো অর্থ বিনিয়োগ করে, SIP ধাপে ধাপে নতুন বিনিয়োগের সুযোগ দেয় এবং STP হাতে থাকা বড় তহবিলকে পর্যায়ক্রমে এক ফান্ড থেকে অন্য ফান্ডে সরায়।
তাই দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী ও বেশি ঝুঁকি নিতে সক্ষম হলে Lumpsum বিবেচনা করতে পারেন। বাজারে একবারে প্রবেশ নিয়ে অস্বস্তি থাকলে SIP বা STP তুলনামূলক স্বস্তিদায়ক বিকল্প হতে পারে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বল্পমেয়াদি বাজারের পূর্বাভাসের চেয়ে নিজের আর্থিক লক্ষ্য ও ঝুঁকি সহনশীলতাকেই অগ্রাধিকার দেওয়া উচিত।
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)