Last Updated:
Humayun Kabir: শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন শুরু! আমজনতা উন্নয়ন পার্টির দুই সদস্যকে গ্রেফতারের পর এবার হুমায়ুন কবীরের বাড়ির দরজায় নোটিস হাতে পৌঁছে গেল পুলিশ।
মুর্শিদাবাদ: হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশের নোটিস। দুটি পৃথক মামলায় নোটিস দিতে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের শক্তিপুরের বাড়িতে আজ পৌঁছে যায় পুলিশ। তাঁর বাড়িতে গিয়ে দুটি নোটিস দিয়েছে পুলিশ। একটি মামলায় তাঁকে ৩ জুলাই এবং অন্য মামলায় ৫ জুলাইয়ের মধ্যে তদন্তকারী আধিকারিকের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, উস্কানিমূলক মন্তব্য বিতর্কে হুমায়ুনকে নোটিস দিয়েছে পুলিশ। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই অ্যাকশন। নোটিস দিতে শক্তিপুরে হুমায়ুনের বাড়িতে আজ সকাল ১১ টা নাগাদ পৌঁছে যায় পুলিশ। এক্ষেত্রে একটি মামলায় ৩ জুলাইয়ের মধ্যে হাজিরার নোটিস দেওয়া হয়েছে আম জনতা উন্নয়ন পার্টির প্রধানকে এবং আরেকটি মামলায় ৫ জুলাইয়ের মধ্যে হাজিরার নোটিস দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুমকির পরই রীতিমতো অ্যাকশন মোডে পুলিশ। সকালেই আমজনতা উন্নয়ন পার্টির দুই সদস্যকে গ্রেফতার করে রেজিনগর থানার পুলিশ। গোলাম মোস্তফা ও আমিনুল হক নামে দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রেজিনগরের কাশীপুরে যে সভা থেকে হুমায়ুন পুলিশকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছিল। তার মূল উদ্যোক্তা ছিল এই দুই কর্মী। সূত্রের খবর, দু’জনকে বহরমপুর কোর্টে তোলা হবে পুলিশ হেফাজাতে চেয়ে। আনিসুর রহমান নামে আরও একজনকে গ্রেফতার করেছে শক্তিপুর থানার পুলিশ। আমজনতা উন্নয়ন পার্টির মহকুমা সহ-সভাপতি পদে ছিলেন এই আনিসুর।
উল্লেখ্য, বিতর্কিত মন্তব্যের জেরে আম জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমোর বিরুদ্ধে জোড়া মামলা দায়ের হয়েছে আগেই৷ একটি মালদহ এবং অন্যটি মুর্শিদাবাদের দুটি আলাদা থানায়৷ মালদহের ইংরেজবাজার থানায় মুর্শিদাবাদের দাপুটে নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মালদার এক বিজেপি কর্মী কাজল গোস্বামী। এরপর হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে বহরমপুর থানাতেও এফআইআর দায়ের করে ভারতীয় জনতা যুব মোর্চার সদস্যরা। এই এফআইআর এর পদক্ষেপেই বড় বিপাকে এবার আম জনতা উন্নয়ন পার্টির প্রধান।
প্রসঙ্গত, গত ২৬ জুন মুর্শিদাবাদের রেজিনগরের কাশীপুরে উস্কানিমূলক মন্তব্য করেন হুমায়ুন কবীর৷ বিজেপি-কে ‘সাটা ভাঙা’ মারের হুঁশিয়ারি দেন তিনি৷ নওদার বিধায়ককে বলতে শোনা গিয়েছিল ‘লিমিট যেদিন ক্রস হয়ে যায়, মাথা যেদিন গরম হয়ে যায় সেদিন এসপি, চিফ মিনিস্টার কিছু বুঝব না৷’ এ ছাড়াও মুর্শিদাবাদের শক্তিপুরে গিয়েও পুলিশকে হুঁশিয়ারি দিয়ে এসেছিলেন হুমায়ুন এমনটাও অভিযোগ৷ সোমবার বিধানসভায় হুমায়ুনের এই আপত্তিকর মন্তব্য নিয়েই কড়া বিবৃতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
Kolkata,West Bengal
Jun 30, 2026 12:44 PM IST
