নয়াদিল্লি: বেআইনি অনুপ্রবেশ রুখতে এবার আধার বিলিতে রাশ টানার সিদ্ধান্ত অসম সরকারের। ১৮ ঊর্ধ্বদের জন্য আধার কার্ড ইস্যু না করার সিদ্ধান্ত নিল তারা। বেআইনি অনুপ্রবেশকারীরা যাতে আধার কার্ড বানাতে না পারেন, তার জন্য এমন সিদ্ধান্ত নিল হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভা। (Aadhaar Card)
শনিবার অসমে মন্ত্রিসভার বৈঠকে ১৮ বছরের বেশি বয়সিদের আধার কার্ড দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন হিমন্ত। তিনি জানান, প্রাপ্তবয়স্কদের জন্য় আর আধার কার্ড ইস্যু করা হবে না। কিছু বিশেষ ক্ষেত্রে যদিও ছাড় মিলবে। তবে সেক্ষেত্রে জেলার কমিশনারের হাত ঘুরে সেই আবেদন আসতে হবে। সেক্ষেত্রে তিনি রাজ্য সরকারের কাছে আবেদন জানাবেন। (Assam News)
তবে কমিশনার আবেদন জানালেই হল না, আবেদনকারী আদৌ আধার কার্ড পাওয়ার যোগ্য কি না, সেই সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। হিমন্তর দাবি, অসমে আধার নথিভুক্তিকরণের কাজ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছ গিয়েছে। কিছু জেলায় নথিভুক্তির কাজ সম্পন্ন হয়েছে ১০০ শতাংশ।
এদিন সংবাদমাধ্যমে হিমন্ত বলেন, “আমাদের বুঝতে হবে এই সব লোকজন কারা। অতিরিক্ত আধার কার্ড কারা নিচ্ছে জানতে হবে। কোনও বেআইনি বাংলাদেশীর হাতে যাতে আধার কার্ড না পৌঁছয়, তা দেখতে হবে আমাদের। সেইমতো পদক্ষেপ করা হচ্ছে।”
চা-বাগানের লোকজন এবং তফসিলি জনজাতিদের ক্ষেত্রে যদিও নিয়ম আলাদা। তাঁদের আগের মতোই আধার কার্ড দেওয়ার কাজ চলবে, যত ক্ষণ পর্যন্ত না সকলের নাম নথিভুক্ত হচ্ছে। তবে এই ছাড়ও সীমিত সময়ের জন্য, ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত। ২০২৭ সালের ১ এপ্রিল থেকে চা-বাগান এবং তফসিলি জনজাতি সম্প্রদায়ের লোকজনও ১৮ বছর বয়সের পর আধার কার্ড পাবেন না।
১৮ অনূর্ধ্বদের নাম নথিভুক্তিকরণের কাজ আগের মতোই চলবে। আধার কার্ড বিলিতে রাশ টানা হবে বলে আগেই জানিয়েছিলেন হিমন্ত। ক্ষমতায় ফিরে সেই কাজে হাত দিলেন হিমন্ত।
বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে অমিত শাহ ভোটারদের আবেদন জানিয়েছিলেন, বিজেপি-কে আর পাঁচ বছর সময় দিলে, ধরে ধরে বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে অসম থেকে বের করে দেবেন তাঁরা। অসমের ভূমিপুত্রদের চাকরি, খাবার, জমিতে অনুপ্রবেশকারীদের ভাগ বসাতে দেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দেন তিনি।
Swapan Samaddar : ধৃত স্বপন সমাদ্দার, আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান