কলকাতা: ১ লক্ষ টাকা জমিয়ে ফেলা যে কোনও মানুষের কাছে একটা বড় আর্থিক সাফল্য। কিন্তু সেই সঞ্চয়কে সঠিক ভাবে সঠিক জায়গায় বিনিয়োগ করে তাকে দীর্ঘমেয়াদে বড় তহবিল তৈরি করাই হল আসল চ্যালেঞ্জ। SIP-এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে ১ লক্ষ টাকা মূলধনকে শৃঙ্খলার মাধ্যমে ১০ লক্ষ টাকার বেশি একটি তহবিলে পরিণত করা সম্ভব হয়।
আরও পড়ুন: জন্মাষ্টমীতে কলকাতা মেট্রোর বিশেষ পরিষেবা, যাত্রী সুবিধার্থে তিন লাইনে বাড়ছে ট্রেন
SIP-এর মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যায়। বিনিয়োগকারীর ঝুঁকি নেওয়ার ক্ষমতা ও আর্থিক লক্ষ্য অনুযায়ী ইক্যুইটি, হাইব্রিড বা ডেট ফান্ড বেছে নেওয়ার সুযোগ রয়েছে। দীর্ঘমেয়াদে ইক্যুইটি ফান্ড তুলনামূলক বেশি রিটার্নের সম্ভাবনা তৈরি করলেও বাজারের ওঠানামার ঝুঁকিও থাকে।
ধরা যাক, একজন বিনিয়োগকারী শুরুতেই ১ লক্ষ টাকা এককালীন বিনিয়োগ করলেন এবং তার সঙ্গে প্রতি মাসে ৫ হাজার টাকা করে SIP চালিয়ে গেলেন। বার্ষিক গড় রিটার্ন যদি আমরা ১২ শতাংশ ধরে নিই, তাহলে আট বছরে মোট বিনিয়োগ হবে ৫ লক্ষ ৮০ হাজার টাকা। সম্ভাব্য রিটার্ন প্রায় ৪ লক্ষ ৫৩ হাজার টাকা। আর এই পুরোটা মিলে মোট তহবিল দাঁড়াতে পারে প্রায় ১০ লক্ষ ৩৩ হাজার টাকা।
অন্যদিকে, মাসে ৭ হাজার টাকা করে SIP করলে আরও তাড়াতাড়ি ১০ লক্ষ টাকা জমানো যেতে পারে। মাত্র সাত বছর বিনিয়োগ করলেই, প্রায় ৬ লক্ষ ৮৮ হাজার টাকা বিনিয়োগ হয়। আর বার্ষিক রিটার্নের পরিমাণ যদি ১২ শতাংশ ধরা হয়, তাহলে সম্ভাব্য তহবিল প্রায় ১১ লক্ষ ২২ হাজার টাকায় পৌঁছতে পারে।
১২ শতাংশ কেন? কারণ, সেনসেক্স বা নিফটি ৫০-এর মতো ভারতের শেয়ার মার্কেটের সূচকগুলোর গড় রিটার্ন প্রায় ১২ শতাংশ। আর সেই কারণেই আমরা গড় রিটার্ন ১২ শতাংশ ধরতে পারি। তবে এই ১২ শতাংশ রিটার্ন কিন্তু কোনওভাবেই নিশ্চিত নয়। বাজারের পরিস্থিতির উপর রিটার্ন কম-বেশি হতে পারে। উদাহরণস্বরূপ, বার্ষিক গড় রিটার্ন ৮ শতাংশ হলে ১০ লক্ষ টাকার লক্ষ্য পূরণে আরও বেশি সময় লাগতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বড় তহবিল তৈরির ক্ষেত্রে নিয়মিত বিনিয়োগ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং কম্পাউন্ডিংয়ের শক্তিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে বিনিয়োগের আগে নিজের আর্থিক লক্ষ্য ও ঝুঁকি নেওয়ার ক্ষমতা বিবেচনা করা জরুরি।
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)