কলকাতা: কোটি টাকা জমিয়ে ফেলা যে কোনও মানুষেরই স্বপ্ন। কেউ ভাবেন এই টাকা জমে গেলে অর্থনৈতিক স্বাধীনতা আসবে জীবনে। আবার কারও কাছে সন্তানের উচ্চ শিক্ষা বা দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য পূরণের গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে এই কোটি টাকার তহবিল। ১ কোটি টাকা জমিয়ে ফেলা বেশ কঠিন মনে হলেও নিয়মিত বিনিয়োগ করলে এই পরিমাণ টাকা খুব সহজেই জমিয়ে ফেলা যায়।
দীর্ঘমেয়াদি সম্পদ তৈরির জনপ্রিয় উপায়গুলির মধ্যে অন্যতম হল মিউচুয়াল ফান্ডে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP। এই পদ্ধতিতে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করা হয়। নিয়মিত বিনিয়োগের পাশাপাশি দীর্ঘ সময় ধরে চক্রবৃদ্ধি হারের সুবিধা পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়। তবে মনে রাখতে হবে, মিউচুয়াল ফান্ডের রিটার্ন বাজারনির্ভর এবং তা নিশ্চিত নয়।
ধরা যাক, একজন বিনিয়োগকারী ৪৫ বছর বয়সের মধ্যে ১ কোটি টাকার ফান্ড তৈরি করতে চান। বিনিয়োগের উপর বছরে গড়ে ১২ শতাংশ রিটার্ন হিসাব করতে পারি। কারণ ইনডেক্স ফান্ডে ঐতিহাসিক ভাবে গড়ে ১১.৫ শতাংশ থেকে ১২ শতাংশ রিটার্ন পাওয়া যায়। এ ছাড়াও কত বছরে বয়সে SIP শুরু হচ্ছে, তার উপর নির্ভর করে রিটর্নে বিরাট পার্থক্য দেখা যায়।
২৫ বছর বয়সে শুরু করলে বিনিয়োগের সময় পাওয়া যায় ২০ বছর। এই ক্ষেত্রে প্রতি মাসে প্রায় ১০ হাজার ২০০ টাকা SIP করলে ১ কোটি টাকার ফান্ড তৈরি হতে পারে। মোট বিনিয়োগ হবে প্রায় ২৬ লক্ষ ৪৮ হাজার টাকা এবং অনুমানভিত্তিক রিটার্ন হতে পারে প্রায় ৭৬ লক্ষ ৪২ হাজার টাকা।
৩০ বছর বয়সে শুরু করলে সময় কমে দাঁড়ায় ১৫ বছর। তখন প্রতি মাসে প্রায় ২০ হাজার ৫০০ টাকা SIP করতে হবে। মোট বিনিয়োগ হবে প্রায় ৩৬ লক্ষ ৯০ হাজার টাকা এবং অনুমানভিত্তিক রিটার্ন প্রায় ৬৫ লক্ষ ৫১ হাজার টাকা হতে পারে। অর্থাৎ মাত্র ৫ বছর পর কেউ যদি বিনিয়োগ শুরু করে, তাহলে তার মাসিক বিনিয়োগের অঙ্কটা দ্বিগুণের বেশি হয়ে যায়।
অন্যদিকে, ৩৫ বছর বয়সে শুরু করলে মাত্র ১০ বছর সময় থাকবে। তখন প্রতি মাসে প্রায় ৪৪ হাজার টাকা SIP করতে হতে পারে। মোট বিনিয়োগ দাঁড়াবে প্রায় ৫২ লক্ষ ৮০ হাজার টাকা। আর, এই হিসাব থেকেই স্পষ্ট, যত আগে বিনিয়োগ শুরু করা যায়, তত বেশি সময় চক্রবৃদ্ধি হারের সুবিধা পাওয়া সম্ভব। একই লক্ষ্য পূরণে দেরিতে শুরু করলে মাসিক বিনিয়োগের চাপ অনেকটাই বেড়ে যায়।
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)