Last Updated:
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর বা বড় ধরনের কাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা জানান, সরকার এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পায়নি, তবে পরিস্থিতির উপর নজরদারি অব্যাহত থাকবে।
টোকিও: জাপানের উপকূলের অদূরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে একটি বহুতল ভবন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভবনটি এক পাশ থেকে অন্য পাশে দুলতে দুলতে যেন লাফাচ্ছে ! প্রবল কম্পনের জেরে ভবনের বাইরের দেওয়ালের কিছু অংশ খসে পড়ে নীচের রাস্তায় আছড়ে পড়ে।
এই ফুটেজটি পাওয়া গিয়েছে ইয়ামানাশি প্রিফেকচারের ফুজিয়োশিদা শহরে। ভিডিওতে দেখা যায়, ভবনটি এতটাই তীব্রভাবে কাঁপছিল যে সেটি যেন মাটি থেকে উঠে লাফাচ্ছে বলে মনে হচ্ছিল। একই সঙ্গে ভবনের সামনের অংশ (ফ্যাসাড) থেকে ধ্বংসাবশেষ নীচে পড়তে দেখা যায়। জাপানের টেলিভিশন চ্যানেলগুলির দাবি, ঘটনাস্থলটি নানোকাইচি শপিং স্ট্রিট (Nanokaichi Shopping Street) এবং ভূমিকম্পের সময় ভবনের বাইরের দেওয়ালের একটি অংশ ভেঙে পড়ে।
সম্প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, জাপানের সাত ধাপের শিন্ডো (Shindo) ভূমিকম্প তীব্রতা সূচকে এই কম্পনের মাত্রা ছিল ‘৫-লোয়ার’। ভূমিকম্পের একদিন পরও ইয়ামানাশি প্রিফেকচারে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছিল প্রশাসন। সেখানে ভূমিধস এবং পানীয় জলের সরবরাহ ব্যাহত হওয়ার ঘটনাও সামনে এসেছে। তবে আতঙ্কজনক দৃশ্যের পরেও ভবনটি ভেঙে পড়েনি এবং অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে।
এই নাটকীয় ঘটনার আগে বৃহস্পতিবার সকালে জাপানের উত্তর উপকূলের অদূরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জাপান আবহাওয়া সংস্থা (JMA)-র তথ্য অনুযায়ী, প্রথমে ভূমিকম্পের মাত্রা ৬.৯ বলে জানানো হলেও পরে তা সংশোধন করে ৭.২ করা হয়। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ইওয়াতে প্রিফেকচারের উপকূলের অদূরে, ভূপৃষ্ঠের ৪৪ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। কম্পন কয়েকশো কিলোমিটার দূর পর্যন্ত অনুভূত হয়, এমনকি টোকিওতেও ভবনগুলো দুলতে থাকে এবং মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়।
উত্তর জাপানের অন্যান্য এলাকা থেকেও টেলিভিশনের ফুটেজে দেখা যায়, রান্নাঘরের আলমারি খুলে গিয়ে বাসনপত্র মেঝেতে ছিটকে পড়েছে, দোকানের তাক থেকে বিভিন্ন পণ্য নীচে পড়ে গিয়েছে। কিছু শিনকানসেন বুলেট ট্রেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পাশাপাশি দরজা আটকে যাওয়া, লিফটে মানুষ আটকে পড়া এবং একটি ট্যাঙ্কার ট্রাক উল্টে যাওয়ার ঘটনাও প্রশাসনের কাছে রিপোর্ট করা হয়েছে।
Kolkata,West Bengal
