Last Updated:
2 Drivers Burnt Alive in Odisha: ওড়িশার সুন্দরগড় জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মুখোমুখি সংঘর্ষের পর দুটি ট্রাকে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে দুই চালকের। দুর্ঘটনার তীব্রতায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি।
ভুবনেশ্বর: ওড়িশার সুন্দরগড়ে মর্মান্তিক দুর্ঘটনা, আগুন লেগে জীবন্ত দগ্ধ দুই ট্রাকচালক। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরগড়ের ভস্ম থানার অন্তর্গত কৈনতারা সংলগ্ন বিজু এক্সপ্রেসওয়েতে। জানা গিয়েছে, সাতসকালে দুটি ১৮-চাকার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়, দুর্ঘটনার অভিঘাতে মুহূর্তের মধ্যে আগুন জ্বলে যায় ট্রাকের ইঞ্জিনে, তাতেই দুই চালক জীবন্ত দগ্ধ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে, এতেই ভেঙে যায় ডিভাইডার। সেই সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে। আর তাতেই দুটি গাড়িতেই দাউদাউ করে আগুন ধরে যায়। দুই চালক গাড়ির ভেতরে আটকা পড়ে জীবন্ত দগ্ধ হন। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ দুর্ঘটনাটির তদন্ত শুরু করেছে।
এদিকে, সোমবার সন্ধ্যায় ভুবনেশ্বরের প্রেস চকের কাছে আরও একটি ভয়াবহ পথদুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে, আহত সাতজনেরও বেশি। জানা গিয়েছে, দ্রুতগতিতে আসা একটি গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোকে ধাক্কা মারে। এরপর গাড়িটি তিনটি বাইক, একটি স্কুটারে ধাক্কা মেরে রাস্তার পাশের একটি আমগাছে গিয়ে আছড়ে পড়ে। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল, ঘাতক গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। যদিও গাড়ির চালক দুর্ঘটনা ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং পরে থানায় আত্মসমর্পণ করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সোমবার রাতেই মৃত্যু হয় দু’জনের, মঙ্গলবার সকালে আরও একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি দ্রুত গতিতে চলছিল এবং হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি গাড়িতে ধাক্কা দেয়। দুর্ঘটনার ভয়াবহ দৃশ্য দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। গাড়ির গতি কেন এত বেশি ছিল, চালক মদ্যপ ছিলেন কিনা, তা এখনও জানা যায়নি। যদিও গাড়িচালক আত্মসমর্পণের পরে জানিয়েছেন, হঠাৎ কাশি শুরু হওয়ায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
Kolkata,West Bengal
Jun 16, 2026 10:53 AM IST
