Last Updated:
21 July Update: গান্ধীমূর্তির পাদদেশে পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি ফিতে নিয়ে মাপতে পারব না। আমার সেই ক্যালিবার নেই। এতে আপনাদের হয়ত ছবি হয়। আমরা অপেক্ষা করছি ডেকোরেটরের জন্য যাঁরা এই কাজটা করবেন, মঞ্চটা করবেন। প্রায় সবাই আছেন। ডেকোরেটরের প্রতিনিধি এলে তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ’’
কলকাতা: এক শিবির অনুমতি পেয়েছেন৷ আর অন্য শিবির, ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাই পালনের অনুমতি না দেওয়ার পুলিশি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেছে৷ পাশাপাশি, দেখছে বিকল্প জায়গাও৷ ২১ জুলাই ঘিরে ঋতব্রত এবং কালীঘাট তৃণমূলে টানাপড়েন বাড়ছে দিনে দিনে৷ সোমবার বিকেলেই গান্ধীমূর্তির পাদদেশে ২১ জুলাইয়ের সভার প্রস্তুতি পর্ব দেখতে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায় এবং ফিরহাদ হাকিমেরা৷ অন্যদিকে, এদিনই ২১ জুলাই নিয়ে লালবাজারে গেল দুই তৃণমূল শিবির।
জানা গিয়েছে, আজ, সোমবার লালবাজারে গিয়ে ২১ জুলাই সমাবেশ নিয়ে নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে এসেছে নব্য তৃণমূল। গান্ধী মূর্তির পাদদেশে তাঁদের যাবতীয় পরিকল্পনা আজ জানিয়ে দিয়ে আসা হয়েছে বলে ঋতব্রত শিবির সূত্রের খর। অন্যদিকে, পিছিয়ে নেই কালীঘাট শিবিরও। বিকল্প জায়গা কোথায় দেওয়া হচ্ছে, তা জানতে লালবাজারে যান এক বিধায়ক ও এক সাংসদ। সূত্রের খবর, আগামিকাল সকালে তাঁদের সিদ্ধান্ত জানাতে পারে পুলিশ।
২১ জুলাইয়ের অনুষ্ঠানে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন নব্য তৃণমূলের নেতারা। দলের একাধিক সদস্য কার্যত আমন্ত্রণ জানিয়ে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁদের অনেকেই বলছেন, ‘‘ওনাকে পরামর্শদাতা হিসাবে চাইছি আমরা। তাই উনি আসুন গান্ধীমূর্তির পাদদেশে। আমাদের সমাবেশে।’’
২০২৫ পর্যন্ত প্রতিবছর এই দিনটিতে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে তৃণমূল। কিন্তু এবারের ছবিটা আলাদা। তৃণমূল ভেঙে দুই টুকরো। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর সে অর্থে কিছুই নেই। পরিষদীয় দলের রাশ চলে গিয়েছে ঋতব্রত বন্দোপাধ্যায়ের কাছে। তিনি দাবি করছেন, তাঁরাই ‘আসল তৃণমূল’। ফলে একুশে জুলাই পালনের অধিকারও নাকি তাঁদের।
সোমবার বিকেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিরোধী দলের বিধায়কেরা এবং সেই শিবিরের রাজনৈতিক নেতৃত্বরা মেয়ো রোড পরিদর্শন করেন। গান্ধী মূর্তির পাদদেশে ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও অরূপ রায়, আখরুজ্জামান, সন্দীপন সাহা, স্নেহাশীষ চক্রবর্তী, জাভেদ খান, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, কাজল শেখ সহ অন্যান্যরা।
জানা যায়, সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার ক্লাবের যে ময়দান টেন্ট রয়েছে সেখানেই মূল মঞ্চ হবে এবং গান্ধী মূর্তি ও মেয়ো রোডের দিকে মুখ করে হবে এই মঞ্চ।
Jul 13, 2026 10:16 PM IST
