Last Updated:
Newtown Raid: নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল প্রসন্নকুমার রায়কে। এই গেস্ট হাউসের মালিক তিনি ও তাঁর স্ত্রী বলে জানা গিয়েছে।
কলকাতা: নিউটাউনের এক গেস্ট হাউসে সাইবার ক্রাইম শাখার রেড। তল্লাশিতে বিপুল পরিমাণ টাকা ও সোনা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে৷ সূত্রের খবর, ঝাড়খণ্ডের দু’জন বাসিন্দা এই গেস্ট হাউসে থাকছিলেন। সাইবার প্রতারণার একটি মামলা রয়েছে তাঁদের বিরুদ্ধে ৷ সেখানে তল্লাশি চালিয়েই এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে বলে খবর। তল্লাশি অভিযানে রয়েছে বিধাননগর সাইবার ক্রাইম থানা এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। ঘটনায় নাম জড়িয়েছে নিয়োগ কাণ্ডে ধৃত প্রসন্নকুমার রায়ের৷ গেস্ট হাউসটি তাঁরই৷ প্রসন্ন রায় ২-৩ সপ্তাহ আগে জামিন পেয়েছে বলে খবর।
২০নাম্বার ট্যাংক-এর কাছে থাকা এই গেস্ট হাউসে ইতিমধ্যেই পৌঁছেছে বিধান নগর পুলিশ কমিশনারের বিধাননগর ডিডি সহ নিউ টাউন টেকনো সিটি থানার একাধিক পুলিশ আধিকারিকেরা৷ চলছে তল্লাশি অভিযান। সূত্রের খবর, বিপুল পরিমাণ টাকা এখানে মজুদ করা আছে, সেই টাকা উদ্ধার করতেই পুলিশের এই অভিযান।
গেস্ট হাউজের নীচে দু’টি ব্যাঙ্কের গাড়ি রয়েছে কয়েকদিন ধরে৷ সেইগুলো খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে৷ পুলিশ আরও তথ্য পাচ্ছে গেস্ট হাউসে থেকে টাকা বিভিন্ন জায়গায় আদান প্রদান করা হত। সমস্ত তথ্যই খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, গেস্ট হউস থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনায় গুজরাতের লিঙ্ক পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত। এই তল্লাশি অভিযান শেষ হতে ভোররাত হয়ে যেতে পারে বলে জানানো হয়েছে আধিকারিকদের তরফে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই গেস্ট হাউসটি থেকে দু’জনকে আটক করেছে পুলিশ।
