Last Updated:
Birbhum News: এলাকায় লাগামহীনভাবে বাড়ছিল মাদক, চুরি ও ইভটিজিংয়ের দাপট। বারবার পুলিশকে জানিয়েও মেলেনি সুরাহা। অবশেষে বীরভূমের এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা নিজেরাই নিলেন বড় সিদ্ধান্ত। নেশা করলেই মোটা অঙ্কের জরিমানা এবং নারীদের অসম্মান করলে দেওয়া হবে সামাজিক বয়কটের মতো কঠোর শাস্তি। সুস্থ পরিবেশ ফেরাতে নজির গড়ল বীরভূমের কাঠিয়া গ্রাম।
বীরভূম, সৌভিক রায়: এবার থেকে সাবধান, নেশা করলে ১০ হাজার টাকা জরিমানা, পাশাপাশি কোনও মহিলাকে ইভটিজিং করতে গেলে ধরা পড়লে দেওয়া হবে কঠোর শাস্তি। করা হবে সামাজিক বয়কটও। গ্রাম থেকে মাদক সেবন ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ দূর করতে এমনই সিদ্ধান্ত নিল বীরভূম জেলার পাইকরের কাঠিয়া গ্রাম সুরক্ষা কমিটি। গ্রামবাসীরা একত্রিত হয়ে বৈঠকে বসে সকলের মতামত নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। এলাকার বাসিন্দাদের দাবি, বেশ কয়েকবছর ধরে গ্রামে নেশার বাড়বাড়ন্ত হয়েছে। বিশেষ করে বর্তমান যুবসমাজের মধ্যে এই সমস্যা আরও অনেকটা বেশি। যত্রতত্র বসছে মদ ও অন্য নেশার আসর।
এলাকার পুরুষরা সারাদিন দিনমজুরি করে যতটুকু উপার্জন করছেন তার মধ্যে অর্ধেকের বেশি টাকা নেশার পিছনে উড়িয়ে দিচ্ছেন। এর ফলে সংসারে নিত্যদিনের অশান্তি যেমন বাড়ছে। তেমনই হাতের কাছে নেশার দ্রব্য পেয়ে সহজেই আসক্ত হয়ে পড়ছে নাবালক থেকে শুরু করে যুবকরা। অনেকে নেশা করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মারাও যাচ্ছে। তাতে সেই পরিবার অথৈ জলে ভেসে যাচ্ছে। সব থেকে বড় সমস্যা নেশার টাকা জোগাড় করতে এলাকায় চুরি, ছিনতাইয়ের মতো অপরাধমূলক কার্যকলাপ বাড়ছে।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, সূর্য অস্ত যেতেই সন্ধ্যার পর কালীতলা, পাঠপুকুর, সাদাপুর ও সংলগ্ন বিভিন্ন এলাকায় প্রকাশ্যে হেরাইন, নেশার ইনজেকশন ও মদের আসর বসছে। সন্ধ্যার পর এইসব রাস্তা দিয়ে যেতে আসতে নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রামের মানুষ ও বিশেষ করে মহিলারা। স্কুল কলেজের সময় সাদাপুর ও আশেপাশের এলাকায় কিছু নেশাগ্রস্ত বখাটে যুবক বাইক ও সাইকেল নিয়ে ঘোরাফেরা করছে এবং ছাত্রীদের কুমন্তব্য করছে। গ্রামবাসীদের আরও অভিযোগ, কয়েকবার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তবে নেশার রমরমা কমার বদলে বেড়েই চলেছে। অবশেষে গ্রামের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে উদ্যোগী হন স্থানীয় বিশিষ্টজনেরা।
তাঁরা গোটা গ্রামের গ্রামবাসীদের নিয়ে আপাতকালীন বৈঠক করেন। সেখানে গ্রাম সুরক্ষা কমিটি গঠনের পাশাপাশি ঠিক হয়, যারা এভাবে পরিবেশ ও জনজীবন বিপন্ন করছে তাদের চিহ্নিত করে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। যারা প্রকাশ্যে নেশা করবে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হবে। সেই সঙ্গে সন্ধ্যার দিকে টহলদারি করার জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানানো হবে। গ্রাম সুরক্ষা কমিটির অন্যতম মহম্মদ রিপন শেখ বলেন, “শুধু জরিমানা নয়, সামাজিক বয়কটও করা হবে। সেই সঙ্গে যাঁরা এদের প্রশয় দেবে তাঁদেরও সমান অপরাধী হিসাবে গণ্য করা হবে। আমরা সবাই চাই সুন্দর ও স্বচ্ছ পরিবেশ”
Birbhum,West Bengal
Birbhum News: নেশা করলেই ১০ হাজার জরিমানা! বাকি অপরাধে? মাতাল-বখাটেদের শায়েস্তা করতে বীরভূমের গ্রামে কড়া দাওয়াই
