Last Updated:
Saree Featuring PM Narendra Modi’s Portrait: বর্ধমানের তাঁত শিল্পী টানা চার মাসের পরিশ্রমে তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতি সম্বলিত একটি অনন্য তাঁতের শাড়ি। প্রায় ৭০ হাজার টাকা মূল্যের এই বিশেষ শাড়িটি ইতিমধ্যেই নজর কেড়েছে শিল্পপ্রেমী ও সাধারণ মানুষের।
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমানের এক প্রত্যন্ত গ্রামের তাঁতির অসাধারণ শিল্পকর্ম এখন চর্চার কেন্দ্রে। তাঁতের শাড়ির মধ্যে তিনি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতি। শুধু তাই নয়, কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের নামও রয়েছে এই অনন্য সৃষ্টিতে।
পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার ঘোড়ানাশ গ্রামের বাসিন্দা পেশায় তাঁতি জগবন্ধু দালাল। দীর্ঘ চার মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে তৈরি করেছেন এই ব্যতিক্রমী শাড়ি। বংশ পরম্পরায় তাঁতশিল্পের সঙ্গে যুক্ত জগবন্ধু প্রায় ১৫ বছর ধরে এই পেশায় রয়েছেন। বাবা-দাদুর কাছ থেকেই শিখেছেন তাঁতের সূক্ষ্ম কাজ। জগবন্ধু জানান, শাড়িটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে ৮৪ কাউন্ট সুতো এবং ১৫০ কাউন্ট খাদি কাপড়। পাশাপাশি জামদানি নকশার বিভিন্ন সূক্ষ্ম কাজও করা হয়েছে ৮৪ কাউন্টের সুতো দিয়ে। শাড়িটির প্রতিটি অংশে রয়েছে নিখুঁত কারিগরি দক্ষতার ছাপ।
সবচেয়ে অবাক করার বিষয়, এই শিল্পকর্ম তৈরি করতে তাঁর খরচ হয়েছে প্রায় ৭০ হাজার টাকা, যার সম্পূর্ণটাই তিনি নিজে বহন করেছেন। কারণ এটি তাঁর বাণিজ্যিক কাজ নয়, বরং নিজের শিল্পকে দেশের সামনে তুলে ধরার এক আন্তরিক প্রচেষ্টা। দিনের অধিকাংশ সময় জীবিকা নির্বাহের জন্য অন্য তাঁতে কাজ করার পর রাত জেগে এই বিশেষ শাড়ির কাজ করেছেন জগবন্ধু। তাঁর এই স্বপ্নপূরণের পথে পাশে থেকেছেন স্ত্রী প্রতিমা দালাল। তিনি জানান, দিনের পর দিন, রাতের পর রাত স্বামীর পরিশ্রম তিনি নিজের চোখে দেখেছেন। তাই তিনিও এই কাজে সাহায্য করেছেন। তাঁদের একটাই ইচ্ছা একদিন এই শাড়ি যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে পৌঁছায়। জগবন্ধুর কথায়, “আমাদের ঘোড়ানাশ গ্রামের অধিকাংশ মানুষই তাঁতশিল্পের সঙ্গে যুক্ত। এই গ্রামের নাম দেশজুড়ে ছড়িয়ে পড়ুক, আমাদের শিল্পের পরিচয় দেশের সর্বোচ্চ স্তরে পৌঁছাক, সেই লক্ষ্যেই এই শাড়ি তৈরি করেছি। আমি চাই এই শাড়িটি প্রধানমন্ত্রীর হাতে উপহার হিসেবে তুলে দিতে।”
যদিও এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেননি তিনি। তবে কাটোয়া বিধানসভার বিধায়ক কৃষ্ণ ঘোষের কাছে আবেদন জানিয়েছেন, যাতে এই অনন্য শিল্পকর্মটি প্রধানমন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। এদিকে বিধায়ক কৃষ্ণ ঘোষ জানিয়েছেন, তিনি নিজে শাড়িটি দেখবেন এবং বিষয়টি নিয়ে যথাযথ পদক্ষেপের চেষ্টা করবেন।
তাঁতশিল্পের জন্য পরিচিত ঘোড়ানাশ গ্রামের ইতিহাসে এমন শাড়ি এর আগে তৈরি হয়েছে বলে স্থানীয়দের কেউই মনে করতে পারছেন না। ফলে জগবন্ধু দালালের এই সৃষ্টি এখন শুধু একটি শাড়ি নয়, বরং গ্রামের শিল্প, সংস্কৃতি ও স্বপ্নের প্রতীক হয়ে উঠেছে।একজন সাধারণ তাঁতির চার মাসের শ্রম, ৭০ হাজার টাকার বিনিয়োগ এবং শিল্পের প্রতি অগাধ ভালবাসা… সব মিলিয়ে এই শাড়ি এখন পূর্ব বর্ধমানের গণ্ডি ছাড়িয়ে রাজ্যজুড়ে আলোচনার বিষয়।
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal