নয়াদিল্লি: দিল্লিতে তৃণমূলের ঠিকানা বদল। ২০ রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলোটি খালি করল তৃণমূল কংগ্রেস। গতকালই বাংলো থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার সরিয়ে ফেলা হয়েছে। সরিয়ে ফেলা হয়েছে তৃণমূল দলের সাইনবোর্ডও । পোস্টার ও সাইনবোর্ড নিয়ে যাওয়া হয়েছে সাউথ অ্যাভিনিউয়ে রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের বাসভবনে।
আরও পড়ুন, চাপের মুখে ‘কাটমানি’র প্রায় ২ লক্ষ ৯০ হাজার টাকা ফেরত তৃণমূলের পঞ্চায়েত সদস্যর
২০ রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলো এতদিন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের নামে বরাদ্দ ছিল। দীর্ঘদিন ধরেই এটিকেই দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছিল তৃণমূল। এখান থেকেই যাবতীয় সাংবাদিক বৈঠক করতেন দলের সাংসদরা। বিদ্রোহী সাংসদদের দলে যোগ দিয়েই, বাংলোর বদলে একটি ফ্ল্যাট চেয়ে আবেদন করেন পার্থ ভৌমিক। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই বাংলোটি খালি করা হয়েছে।
প্রসঙ্গত, তৃণমূলের লোকসভার সংখ্য়াগরিষ্ঠ সাংসদই এখন বিদ্রোহীদের তালিকায়। সেই তালিকা আরও বাড়তে পারে বলে জল্পনা। আর এরই মধ্যে, বুধবার রাতে নরেন্দ্র মোদি ও অমিত শাহের আস্থাভাজন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করলেন আরও ৪ তৃণমূলের বিদ্রোহী সাংসদ। একদিক শুধুই ভাঙছে, আরেকদিক ফুলেফেঁপে উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতির বহর যত বাড়ছে, ততই লাভ হচ্ছে বিজেপির। এবার তৃণমূলের বিদ্রোহী লোকসভার সাংসদদের তালিকায় যুক্ত হল আরও ৪ নাম। সূত্রের খবর, বুধবার রাতে নরেন্দ্র মোদি ও অমিত শাহের অত্যন্ত আস্থাভাজন এবং হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করলেন আরও ৪ তৃণমূল সাংসদ। বৈঠকে ছিলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, ও কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়-সহ ৪ জন তৃণমূল সাংসদ। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
রাত ১১টা নাগাদ ভূপেন্দ্র যাদবের বাড়ি থেকে বের হন শুভেন্দু অধিকারী। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা গড় দক্ষিণ কলকাতাতেও এবার চওড়া হল ভাঙন। ফের থাবা বসাল বিজেপি। আগেই ভবানীপুর থেকে হেরে গেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরই ভেঙে পড়েছে তাঁর সাম্রাজ্য। কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, জুন মালিয়া, দেব, এককালে যাঁরা ছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অত্য়ন্ত কাছের, আস্থাভাজন, তাঁরাই এখন তৃণমূলের ‘বিদ্রোহী’ সাংসদ। তাঁদের রাশ যে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাতে নেই, তা আগেই স্পষ্ট করে দিয়েছেন।সোমবারই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন খোদ শুভেন্দু অধিকারী। বৈঠকের পরই বিদ্রোহী সাংসদরা জানিয়ে দেন, তাঁরা বিজেপির নেতৃত্বাধীন এনডিএকে সমর্থন করবেন।
Ritabrata Banerjee: ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনে সং আছে গঠন নেই’, আক্রমণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের