Last Updated:
TMC Leader: কৃষক পরিবার থেকে পেল্লাই বাড়ি! তারপর চাকরি দেওয়ার নামে জমি আত্মস্যাৎ? বাঁকুড়ার পাত্রসায়রে তৃণমূল নেতার প্রাসাদ সমান বাড়িতে এসে ভাঙচুর উত্তেজিত জনতার।
পাত্রসায়র, বাঁকুড়া: রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে চাকরি দেওয়ার নাম করে নগদ অর্থ চেয়েছিলেন একই পরিবারের দুই চাকরিপ্রার্থীর কাছে। নগদ মোটা অঙ্কের টাকা দিতে না পারায় পরিবারের শেষ সম্বল সাড়ে ৬ বিঘে তিন ফসলি জমি লিখিয়ে নিয়েছিলেন তৃণমূল নেতা। কিন্তু চাকরি আর মেলেনি।
রাজ্যে পালাবদলের পর এলাকার উত্তেজিত জনতা চড়াও হল সেই নেতার বাড়িতে। রীতিমতো দল বেঁধে স্থানীয় বাসিন্দারা হামলা চালিয়ে ব্যপক ভাঙচুর চালালো ওই তৃণমূল নেতার বাড়িতে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়ের থানার বালসি গ্রামে।
বাঁকুড়ার পাত্রসায়ের থানার বালসি গ্রামের দাপুটে তৃণমূল নেতা হিসাবেই পরিচিত ছিলেন নবকুমার পাল। তৃণমূলের ক্ষেতমজুর সংগঠনের পাত্রসায়ের ব্লক সভাপতি এই নবকুমার পাল নিজের রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে তৃণমূল আমলে ব্যপক তোলাবাজি থেকে শুরু করে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার কাজে রীতিমত হাত পাকিয়েছিলেন বলে অভিযোগ।
সাধারণ কৃষিজীবী পরিবার থেকে উঠে আসা নবকুমার পাল বালসি গ্রামে তৈরি করেছিলেন বিশাল প্রাসাদোপম বাড়ি। সম্প্রতি রাজ্যে পালাবদলের পর স্থানীয় এক যুবক অভিযোগ করেন তাঁর পরিবারের দুই চাকরি প্রার্থীকে চাকরি দেওয়ার নাম করে সাড়ে ৬ বিঘে উর্বর জমি নিজের নামে করেছেন নবমুকার পাল। সেই জমির উপর নবকুমার বিশাল বাড়ি তৈরি করে বাগানবাড়ি তৈরির পরিকল্পনা করেছিলেন বলেও অভিযোগ।
ঘটনার কথা জানাজানি হতেই আজ এলাকার মানুষের রোষ আছড়ে পড়ে নবকুমার পালের বালসী গ্রামের বাড়িতে। উত্তেজিত জনতা ভেঙে ফেলে বাড়ির জানালার কাঁচ। নবকুমার পাল বাড়ি থেকে বেরিয়ে এলে তাঁকেও হালকা মারধোর করা হয় বলে অভিযোগ। নবকুমার পালের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমলেও সব অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা।
দেবব্রত মণ্ডল
Kolkata,West Bengal
