Last Updated:
Kharagpur Morgram Red Corridor: খড়গপুর থেকে মোড়গ্রাম এবার মাত্র আড়াই ঘণ্টার পথ! উত্তর ও দক্ষিণবঙ্গের মেলবন্ধনে গতি আনছে ১৬৮ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্প। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হতেই খুশির হাওয়া দুই বঙ্গের নিত্যযাত্রী ও ব্যবসায়ী মহলে।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ করতে খড়গপুর-মোড়গ্রাম ১৬৮ নম্বর জাতীয় সড়ক (অর্থনৈতিক করিডোর) সম্প্রসারণের জন্য জমি হস্তান্তর করা হয়েছে। বহরমপুরে মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক কার্যালয়ের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মুর্শিদাবাদের জেলাশাসক আর অর্জুন জেলার খড়গ্রাম, মুণিগ্রাম ও মোড়গ্রাম হয়ে ওই জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে ৮৯.৮১৬৪ একর জমি (যার দৈর্ঘ্য ৬.০১ কিলোমিটার) জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে তুলে দেন।
১৬৮ নম্বর জাতীয় সড়কটি খড়গপুর থেকে মোড়গ্রাম পর্যন্ত প্রায় ২৩০ কিলোমিটার দীর্ঘ। এটি মূলত একটি ‘রেড করিডোর’ বা অর্থনৈতিক করিডোর হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই মহাসড়কটি রাজ্যের মোট ছয়টি জেলার উপর দিয়ে যাবে, যার মধ্যে মুর্শিদাবাদের খড়গ্রাম, মনিগ্রাম ও মোড়গ্রাম অন্যতম প্রধান সংযোগস্থল। মুর্শিদাবাদের জেলাশাসক আর অর্জুন জানান, সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় ওই জমি এই দিন জাতীয় সড়ক কর্তৃপক্ষের নিলাম আহ্বানকারী সংস্থার প্রজেক্ট ডিরেক্টর সত্যম পালকে হস্তান্তর করা হয়েছে। এর আগেও এই প্রকল্পের জন্য ২৫১.২২ একর জমি (প্রায় ১৬ কিলোমিটার) হস্তান্তর করা হয়েছিল।
Murshidabad,Murshidabad,West Bengal
