Last Updated:
South 24 Parganas News: আলিপুরের জেলা পরিষদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় সামনে আসছে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য। আগুনে নষ্ট হয়ে গিয়েছে বন দফতরের সংরক্ষিত বহু মূল্যবান নথি ও তথ্যপ্রমাণ। যা চোরাশিকার সংক্রান্ত বিভিন্ন মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। ফলে তদন্তে সমস্যা হতে পারে অনেকে অনুমান করছেন।
আলিপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: আলিপুরে জেলা পরিষদে আগুন লাগার ঘটনায় চমকে উঠেছিল সকলেই। এবার নতুন নতুন তথ্য উঠে আসছে আগুন লাগার ঘটনায়। জানা গিয়েছে চোরাশিকারিদের কাছ থেকে উদ্ধার হওয়া বাঘের চামড়া, লকারে থাকা হরিণের শিং, তার পাশেই আরেকটি লকারে ছিল হরিণের চামড়া থেকে কুমিরের দাঁত। সবই উদ্ধার হয়েছিল চোরাশিকারিদের কাছ থেকে।
সুন্দরবনের বিভিন্ন এলাকায় গোপন তল্লাশি চালিয়ে বনদফতরের কর্মীরা জীবন বাজি রেখে উদ্ধার করেছিলেন এই সমস্ত বন্যপ্রাণীর দেহাংশ। সেইমতো আসামিদের গ্রেফতার করে কেস সাজানো হয়েছিল তাদের বিরুদ্ধে। আলাদা করে এখানে ছিল একটি ল সেল। যেখানে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন দ্বীপের বিভিন্ন জায়গার চোরাশিকারিদের ডেটাবেস রাখা হত। উপযুক্ত সব সাক্ষ্যপ্রমাণ হাজির থাকত আলিপুরের এই জেলা পরিষদের ভবনের তৃতীয় তলে। আর সেই সমস্ত সাক্ষ্য ও তথ্য প্রমাণের ওপর ভিত্তি করেই সাজা হত বন্যপ্রাণী হত্যাকারীদের বা জঙ্গল ধ্বংসকারী সমাজ বিরোধীদের।
বুধবারের ভয়াল আগুনে অবিভক্ত সুন্দরবনের সেই সমস্ত ঐতিহাসিক তথ্য প্রমাণ সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে। শুধু তাই নয়, দক্ষিণ ২৪ পরগনা জেলার কোথায় কত জমি আছে, তার সমস্ত ঐতিহাসিক ম্যাপ যা ব্রিটিশ আমল থেকেই সংরক্ষিত করা ছিল, তা সব শেষ হয়ে গেছে আগুনে পুড়ে। যা নিয়ে চিন্তিত বনমন্ত্রী মনোজ ওরাওঁ। তিনি জানিয়েছেন, “পুরো বিষয়টি উচ্চ পর্যায়ের আধিকারিকদের দেখার নির্দেশ দেওয়া হয়েছে। কী কী ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিসংখ্যান বানানোর প্রক্রিয়া শুরু হয়েছে।” তবে এই ক্ষতি একেবারেই ঐতিহাসিক, তা আগুন নেভার পর ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে সকলের কাছে।
South Twenty Four Parganas,West Bengal
