Last Updated:
এ দিন দুপুরেই বিক্ষুব্ধ শিবিরের সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে দিল্লিতে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়৷
বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ এ দিন দুপুরে দিল্লি গিয়ে লোকসভার বিক্ষুব্ধ তৃণমূল সাংসদদের দলে যোগ দিয়েছেন কলকাতা উত্তরের প্রবীণ তৃণমূল সাংসদ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার অধ্যক্ষকে লেখা তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের চিঠিতেও সই করেছেন বলে সূত্রের খবর৷
জানা গিয়েছে, বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়ি থেকে বেরিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ প্রায় আধ ঘণ্টা তাঁদের মধ্যে বৈঠক হয়৷ সূত্রের খবর, আগামী সোমবার তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করতে পারেন৷ তার আগে অমিত শাহের সঙ্গে বিক্ষুব্ধ শিবিরে যোগ দেওয়া সুদীপের বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷ তবে এখনও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
ইতিমধ্যেই তৃণমূলের লোকসভার ২৮ জন সাংসদের মধ্যে ১৯ জনই বিক্ষুব্ধদের তালিকায় নাম লিখিয়েছেন৷ সেই দলে শর্মিলা সরকার, বাপি হালদারদারের মতো নবাগতরা যেমন আছেন, একই ভাবে বিদ্রোহী ব্লকের নেতৃত্বে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়ের মতো তৃণমূলের পুরনো সাংসদ এবং মমতার একদা আস্থাভাজন নেতানেত্রীরা৷ কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো মমতা ঘনিষ্ঠ নেতাও যে বিক্ষুব্ধ শিবিরে নাম লেখাবেন, তা এই দুঃসময়েও মমতাপন্থী তৃণমূলের অনেকে আশা করেননি৷
লোকসভায় দীর্ঘদিন তৃণমূলের দলনেতার দায়িত্ব সামলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু তাঁর অসুস্থতার অজুহাতে সেই পদে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এর পর থেকে দিল্লিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন সুদীপ৷ তাঁর বিক্ষুব্ধদের দলে নাম লেখানোর পিছনে এটিও অন্যতম কারণ বলে মত রাজনৈতিক মহলের৷ কিন্তু বিক্ষুব্ধ শিবিরে যোগ দিয়েই সুদীপ কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, তা নিয়েই এখন তৃণমূলের অন্দরে জোর জল্পনা৷
সুদীপের দেখাদেখি তাঁর স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়ও বিধানসভায় তৃণমূলের বিক্ষুব্ধ শিবিরে যোগ দিচ্ছেন কি না, সেই প্রশ্ন তুলেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ৷
Kolkata,West Bengal
