Last Updated:
Darjeeling News: পাহাড়ি শহর মিরিকে ফের সামনে এল বন্যপ্রাণ ও মানুষের সংঘাতের ছবি। মঙ্গলবার সকালে লোকালয়ের একটি ধাপে চিতাবাঘ আটকে পড়ার খবর ছড়াতেই আতঙ্ক ছড়ায় কাওলে এলাকায়। বনকর্মীদের দ্রুত তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হলেও, একই জায়গায় বারবার লেপার্ড আটকে পড়ার ঘটনায় ক্ষোভ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: মিরিকের পাহাড়ি প্রকৃতির সৌন্দর্যের মাঝেই ফের সামনে এল বন্যপ্রাণ ও মানুষের সহাবস্থানের এক উদ্বেগজনক ছবি। মঙ্গলবার সকালে মিরিক পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাওলে এলাকার রাই ধাপে একটি লেপার্ড আটকে পড়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা প্রথমে বিষয়টি নজরে আনেন এবং দ্রুত বন দফতরকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বনকর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। রেঞ্জার সিদ্ধার্থ গুরুংয়ের নেতৃত্বে শুরু হয় উদ্ধার অভিযান। দীর্ঘ প্রচেষ্টার পর ধাপে আটকে থাকা লেপার্ডটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া প্রাণীটি প্রায় দুই বছর বয়সী একটি স্ত্রী লেপার্ড। উদ্ধারের সময় লেপার্ডটির শারীরিক অবস্থাও পর্যবেক্ষণ করা হয়। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, লেপার্ডটির পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করা হবে। চিকিৎসক ও বিশেষজ্ঞদের পর্যবেক্ষণের পর তাকে উপযুক্ত ও নিরাপদ বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে। বনকর্মীদের তৎপরতায় বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি বলেও জানানো হয়েছে।
Darjeeling (Darjeeling),Darjeeling,West Bengal
